বর্ণিল আয়োজনে খাসিয়া বর্ষের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো দুঃখ-বেদনা ভুলে নতুন বছরকে বরণ করে নিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়াপুঞ্জির পাহাড়ি এলাকায় দিনব্যাপী বর্ণিল আয়োজনে খাসিবর্ষকে (খাসিয়া) বিদায় জানানো হয়েছে।
নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে গতকাল শনিবার দুপুর ১২টায় মাগুরছড়া খাসিয়াপুঞ্জির ফুটবল মাঠে বর্ষ বিদায়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের ৬৫টি খাসিয়াপুঞ্জির সমাজপ্রধানের (হেডম্যান) নেতৃত্বে হাজারো নারী, পুরুষ, শিশু অংশ নেয়।
খাসিয়াবর্ষ বিদায় উৎসব উদ্যাপন কমিটি, খাসি সোশ্যাল কাউন্সিল ও খাসি স্টুডেন্ট কাউন্সিলের সহায়তায় মাগুরছড়া খাসিয়াপুঞ্জির সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান হয়। প্রথা অনুযায়ী প্রতিবছর ২৩ নভেম্বর খাসিবর্ষের বিদায় জানিয়ে ২৪ নভেম্বর খাসি নববর্ষকে বরণ করা হয়। তবে এবার ২৩ নভেম্বর রোববার হওয়ায় সব খাসিয়াপুঞ্জির সমাজপতিদের মতামতের ভিত্তিতে এক দিন আগে ২২ নভেম্বর খাসিবর্ষের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সকাল ১০টায় বর্ষ বিদায়ের অনুষ্ঠান শুরু হয়। নানা আয়োজনের মধ্যে ছিল ঐতিহ্যবাহী খাসিয়া খেলাধুলা, সংগীত প্রতিযোগিতা, পোশাক প্রদর্শনী, তৈলাক্ত বাঁশে আরোহণ ও তির নিক্ষেপ প্রতিযোগিতা।
খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিসন সুচিয়াং কর্ডরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে সব খাসিয়াপুঞ্জির খাসিয়াদের উন্নয়ন, সম্ভাবনা, নানা সমস্যা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে খাসিয়াশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।