বর্ণিল আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ

চট্টগ্রামে নগরজুড়ে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। বর্ষবরণের প্রতিটি আয়োজনেই ছিল নানা বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড়। মূল আয়োজন ছিল নগরের ডিসি হিলে। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের উদ্যোগে ৩৯ বছর ধরে এ আয়োজন করা হচ্ছে।
পয়লা বৈশাখ ভোর ছয়টায় রাগসংগীতের মধ্য দিয়ে ডিসি হিলে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাগ পরিবেশন করেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। এরপর ডিসি হিলের মুক্তমঞ্চে একে একে ছিল সমবেত সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। সংগীত ভবন, জয়ন্তী, গুরুকুল সংগীত একাডেমি ও সৃজামি সাংস্কৃতিক অঙ্গন সমবেত সংগীত পরিবেশন করে। এ ছাড়া নটরাজ নৃত্যাঙ্গন, স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, দা ফোক ড্যান্সের শিল্পীরা নৃত্য এবং বোধন, প্রমা, নরেন আবৃত্তি একাডেমির সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল একক এবং দ্বৈত সংগীতও।সিআরবি পাহাড়ের মুক্তমঞ্চে নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে দিনভর নানা আয়োজনে বর্ষবরণ উৎসব পালন করা হয়। সমবেত নৃত্য, সংগীত ও আবৃত্তির পাশাপাশি ছিল একক পরিবেশনা। বাদ যায়নি বলীখেলাও।
ডিসি হিল ও সিআরবিতে বর্ষবরণ উৎসবকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সকাল থেকে র্যা ব-পুলিশের কড়া নজরদারি ছিল দুটি অনুষ্ঠানস্থলে। ডিসি হিলের প্রবেশমুখে নিরাপত্তাতল্লাশির ব্যবস্থা করা হয়। দুটি আয়োজনকে ঘিরেই বৈশাখী মেলা বসে। বিভিন্ন কারুপণ্য, খেলনা, গৃহস্থালির পণ্যসহ নানা ধরনের খাবার ছিল মেলায়।

বর্ষবরণের বিভিন্ন আয়োজনে কেউ পরিবার নিয়ে দলবেঁধে, কেউবা হাজির হন বন্ধুদের নিয়ে। সবার পোশাকেও ছিল বৈশাখের বর্ণিল সাজ। কারও গালে, কারও কপালে রংতুলির আঁচড়ে লেখা ছিল ‘শুভ নববর্ষ’।
নগরের মুরাদপুর থেকে পরিবার নিয়ে সিআরবিতে আসেন মুরাদ হোসেন। তিনি বলেন, ‘এই একটা দিনে ডিসি হিল কিংবা সিআরবিতে না এলে ভালো লাগে না। তাই প্রতিবারের মতো এবারও ছুটে আসা। এখানে এলে নববর্ষের আমেজ মেলে।’
বর্ষবরণ উপলক্ষে চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ঠাঁই পায় বিশাল আকৃতির বাঘ, মাছ, হাতি। শোভাযাত্রাটি বৃহস্পতিবার সকাল ১০টায় চারুকলা থেকে বের হয়ে চকবাজার, চট্টগ্রাম কলেজ, প্রেসক্লাব হয়ে আবার চারুকলায় ফিরে যায়। এবারের শোভাযাত্রার স্লোগান ছিল ‘জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন।’
চট্টগ্রাম জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরের সার্কিট হাউস থেকে পৃথক আরেকটি শোভাযাত্রা বের হয় সকাল সাড়ে আটটায়। শোভাযাত্রাটি শিল্পকলায় এসে শেষ হয়।
নগরের নন্দন চত্বরে শিশুমেলা নামে একটি সংগঠন ছোটদের বর্ষবরণ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করে। দিনব্যাপী এই আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শনী।
