বর্ণিল আয়োজনে গুলশান ইয়ুথ ক্লাবের বর্ষবরণ
ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব বর্ণিল আয়োজনে বরণ করেছে বাংলা নতুন বছরকে। তার আগের দিন চৈত্রসংক্রান্তির মাধ্যমে বিদায় দিয়েছে ১৪১৮ সনকে।বাংলা ১৪১৮ সনের শেষ দিন চৈত্রসংক্রান্তিতে ক্লাব প্রাঙ্গণ মুখরিত ছিল ঘুড়ি উৎসবে। সঙ্গে ছিল পুতুলনাচ, নাগরদোলা, হস্তশিল্প এবং এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের পাঁচ দিনের আলোকচিত্র প্রদর্শনী। সন্ধ্যায় ছিল আলোক প্রজ্বালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন মিতা হক, তানিয়া তামান্না, আবেদুর রেজা, তানসেন রহমান ও শফি মণ্ডল। আবৃত্তি করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, আহকাম উল্লাহ, শারমীন লাকী প্রমুখ। নৃত্য পরিবেশন করেন শুক্লা সরকার।পয়লা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিনে ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। দিনব্যাপী আয়োজনে ছিল জাদু প্রদর্শনী, আনন্দমেলা এবং বাংলা ছায়াছবি প্রদর্শনী। সারা দিনের জন্য ক্লাব ছিল এলাকার সুবিধাবঞ্চিতদের জন্য উন্মুক্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এ কে এম রহমতুল্লাহ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম, গুলশান সোসাইটির সভাপতি রফিক সিদ্দিক, আসমা আব্বাসী প্রমুখ। বিজ্ঞপ্তি।