বর্ণিল ম্যুরালে খচিত স্বপ্নিল ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সমবেত হাজার হাজার ছাত্র-জনতা। তারা অপেক্ষা করছে মুহূর্তটির জন্য। একপর্যায়ে উড়ল মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকা।বাঙালির এই স্বপ্নিল মুহূর্তটি ৪১ বছর পর আবারও ফিরে এল কলা ভবনের (বর্তমান কলা অনুষদের ডিন অফিসের ফটকের ওপর) ঐতিহাসিক স্থানটিতে। সেদিনের সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গতকাল বৃহস্পতিবার একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে।টিএসসি-কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় পাতাক উৎসবের প্রথম দিনে ‘সংগ্রামী চেতনা’ নামক এই ম্যুরাল উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ২৫০ বর্গফুটের টাইলসের ম্যুরালটির শিল্পী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র মহসীন কবীর।কলা ভবনের সামনে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য অপরাজেয় বাংলা। এর পাদদেশ থেকে ম্যুরালটির সৌন্দর্য চোখে পড়ে নান্দনিক রূপে। আর দুইয়ের সম্মিলনে মনে জেগে ওঠে সংগ্রামী চেতনা।পাতাকা উত্তোলনের ইতিহাস ৪১ বছরের পুরোনো হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানটি সম্পর্কে সচেতন ছিলেন না। ম্যুরালটি উদ্বোধনের মধ্য দিয়ে সেই ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা সচেতন হবেন বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ম্যুরালটি উদ্বোধনের আগে এক আলোচনা সভায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, স্বাধীনতাকে সুসংহত করার দায়িত্ব নতুন প্রজন্মের। তাদেরই স্বাধীনতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করতে হবে।ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম বলেন, বাঙালির বিভিন্ন আন্দোলনে ছাত্রসমাজের অনেক ভূমিকা রয়েছে। তারাই স্বাধীনতার পতাকা প্রথম বুকে ধারণ করেছিল। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি মারিনো রিগোন বলেন, ‘কোন জাদুতে আমি বাংলাদেশি, তা বলতে পারব না। বাঙালিদের ভালোবাসায় আমি বাংলাদেশের নাগরিক হয়েছি। আমার দেশ ইতালি নয়, আমার দেশ বাংলাদেশ। আমার পরিবারের লোকজন আমাকে ইতালির নাগরিক হিসেবে মেনে নেয়নি। তারা আমাকে বাঙালি হিসেবে অবহিত করে বলে, “তুমি ইতালিয়ান নও।” আমি এখন বাংলাদেশের নাগরিক।’জাতীয় পতাকা উৎসবের আহ্বায়ক নাজমুল হোসেন সভা সঞ্চালনা করেন। সভায় অন্যদের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, কলা অনুষদের ডিন সদরুল আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ ও সৌমিত্র শেখর প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশেষ নাটিকা ও আবৃত্তি পরিবেশন করেন জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। উৎসবের দ্বিতীয় দিনে আজ শিখা চিরন্তনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে।