>গতকাল অমর একুশের দিনভর প্রথম আলো ও সার্ফ এক্সেলের আয়োজনে রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বর্ণমেলা

‘ঢ’ দিয়ে হয় ঢেঁকি। তো ঢেঁকির চলন আজকাল প্রায় উঠেই গেছে। তাসকিয়া তাবাসসুমের দাদির বাড়িতে এককালে ছিল ওই ঢেঁকি। সেটাই তার প্রথম ঢেঁকি-দর্শন। ওই রকম একটি ঢেঁকি (আকারে ছোট অবশ্য) তৈরি করে ভিকারুননিসা নূন স্কুলের মূল প্রভাতি শাখার তাবাসসুম পাঠিয়েছে বর্ণমেলায়। অন্যরাও বেশ কৌতূহল নিয়ে দেখছিল ঢেঁকিতে ধান ভানার সেই দৃশ্য।

গতকাল অমর একুশের দিনভর প্রথম আলো ও সার্ফ এক্সেলের আয়োজনে রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বর্ণমেলা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় সকাল নয়টায় সুরের ধারার শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর রঙিন বেলুনের গুচ্ছ উড়িয়ে মেলার উদ্বোধন করেন লেখক শাহনাজ মুন্নী, অভিনয়শিল্পী জয়া আহসান ও সদ্যসমাপ্ত এসএ গেমসে স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ মাবিয়া আক্তার।

এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং ইউনিলিভারের ব্যান্ড বিল্ডিং ডাইরেক্টর জাভেদ আখতার। সূচনা ভাষ্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। বর্ণমেলার প্রচার সহযোগী ছিল চ্যানেল নাইন।

উদ্বোধনের আগেই কচিকাঁচাদের নিয়ে তাদের অভিভাবকেরা আসতে শুরু করেছিলেন মেলায়। বর্ণ নিয়ে হরেক রকমের আয়োজন ছিল তাদের জন্য। বিভিন্ন উপকরণ দিয়ে বর্ণ তৈরির প্রতিযোগিতার প্রদর্শনী।

পুতুল তৈরি, টি-শার্টে নকশা আঁকা, মেলার মাঠে স্থাপন করা বিশাল আকারের বর্ণে রং করা, বাঁশ দিয়ে তৈরি বর্ণে সিঁড়ি বেয়ে ওঠা, বর্ণের ছকে এক্কা-দোক্কা খেলা—এসব নিয়েই মেতে উঠেছিল তারা। আর ফাঁকে ফাঁকে নাগরদোলায় ওঠার মজা তো ছিলই।

এর মধ্যেই শিল্পী ফরিদা পারভীনের নেতৃত্বে তাঁর গানের দল অচিন পাখির শিল্পীরা গেয়ে শোনান ‘এ দেশ আমার লক্ষ মানিক গজমতির হার’ ও ‘মিলন হবে কত দিনে’। আরও গান শোনান খায়রুল আনাম শাকিল, অনিমা রায়, শফি মণ্ডল। আবৃত্তি করেছেন বাচিক শিল্পী মাহমুদা আক্তার।

দিনাত জাহান পরিবেশন করেন ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ ও ‘আমায় গেঁথে দাও না’। ভিকারুননিসা নূন স্কুল ও সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের দুটি দলের ছিল গান নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে যৌথ পরিবেশনা।

গান-আবৃত্তির মাঝেই শুরু হয়ে যায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। মাঠের দক্ষিণে তখন চলছিল সোনামণিদের হাতেখাড়ি দেওয়ার পর্ব। বিশিষ্ট লেখক ও শিল্পীরা তাঁদের হাতেখড়ি দেন। তাঁদের মধ্যে ছিলেন সৈয়দ আবুল মকসুদ, আবদুল মান্নান, ফরিদা জামান, আফজাল হোসেন ও আনিসুল হক। ওদিকে কিরণ চন্দ্র রায় গেয়ে চলেছেন, ‘যে সবে বঙ্গেতে জন্মি’ ও ‘বাজা খঞ্জনি’। চন্দনা মজুমদার গাইছেন ‘একবার ভেবে দেখ মন পাখি’, ‘সোনার পালঙ্কের ঘরে’। ফকির শাহাবুদ্দিন শুনিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান। জলপুতুলের দল পরিবেশন করে পাপেট শো।

এরপর ছিল অঙ্কন, হাতের লেখা ও বর্ণ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের পালা। বিচারকমণ্ডলীর সদস্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, আবদুল মান্নান, ফরিদা জামান, আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য্য ও অশোক কর্মকার মঞ্চে এসে প্রতিযোগীদের অভিনন্দন জানান ও পুরস্কার তুলে দেন। বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান।

অনুষ্ঠানে ছিল স্বপন দিনারের জাদু দিয়ে। এরপর মঞ্চে আসে সিসিমপুরের তিন জনপ্রিয় চরিত্র টুকটুকি, হালুম ও ইকারি। চ্যানেল আই সেরাকণ্ঠ ইমরান গেয়ে শোনান ‘রাষ্ট্রভাষা আন্দোলন’।
সকালে টি-শার্টে আঁকিবুঁকি করেছিল যে শিশুরা, বিকেলে তাদের পুরস্কার দেওয়া হয়। সাজ্জাদ শরিফ বিজয়ীদের নাম ঘোষণা করেন। বাহার রহমান বলেন, যে চারটি নকশা পুরস্কার পেয়েছে, সেগুলো দিয়ে টি-শার্ট তৈরি করবে। আগামী বছর বর্ণমেলায় নিত্য উপহারের স্টলে সেই টি-শার্ট পাওয়া যাবে।
অনুষ্ঠানে আরও গান গেয়ে শোনান কনা, কাজী শুভ, কিশোর ও শাম্মী। ব্যান্ড দল চিরকুটের গানের মধ্য দিয়ে শেষ হয় সারা দিনের আয়োজন।