বর্ণের মেলায় মেতেছে শিশু-কিশোরেরা
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে আনন্দঘন নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে বর্ণমেলা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন প্রজন্মের শিশুদের বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় এ মেলার।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তমবারের মতো বর্ণমেলার আয়োজন করছে প্রথম আলো। সহযোগিতা করছে ইউনিলিভারের ব্র্যান্ড সার্ফ এক্সেল। ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও রাজশাহীর কলেজিয়েট স্কুল ও কলেজ মাঠ চলছে বর্ণে বর্ণিল এই উৎসব।
এবার ঢাকায় বর্ণমেলা সপ্তম এবং চট্টগ্রামে পঞ্চমবারের মতো আয়োজন করা হলো। আর রাজশাহীতে প্রথমবারের মতো। দিনব্যাপী এই মেলা শেষ হবে বিকেল পাঁচটায়।
ঢাকা: অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এরপর সকাল নয়টায় সুরের ধারার শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। তার পরপরই বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অভিনয়শিল্পী জয়া আহসান, কথাশিল্পী শাহানাজ মুন্নী ও এসএ গেমসে স্বর্ণপদকজয়ী মাবিয়া আক্তার। এ সময় সঙ্গে ছিলেন ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ম্যানেজার জাবেদ আখতার ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এরপর একে একে গান পরিবেশন করেন ফরিদা পারভীনের নেতৃত্বে তাঁর দল‘অচিন পাখি’, খায়রুল আলম শাকিল, অনিমা রায়, বাউল শফী মন্ডল, কিরণ চন্দ্র রায়, দিনাত জাহান মুন্নী। এ ছাড়া ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও সানিডেল স্কুলের শিক্ষার্থীরা পৃথকভাবে সমবেত সংগীত পরিবেশন করে।
মেলায় রয়েছে বর্ণপ্রদর্শনী, বর্ণদোলা, বর্ণমঞ্চ, বর্ণপোশাক, বর্ণপ্রযুক্তি, বর্ণাঙ্কন, বর্ণলিখন, টি-শার্টে বর্ণ, মজার পুতুল, বর্ণপণ্ডিত স্টলসহ নানা আকর্ষণ। বড়দের হাত ধরে মেলায় এসেছে শিশুরা। ছোট্ট সোনামণিদের বাংলা বর্ণে হাতেখড়ি দিচ্ছেন দেশের বরেণ্য কবি, লেখক, শিল্পী ও শিক্ষাবিদেরা। বর্ণমঞ্চে চলছে নাচ, গান, জাদু ও পাপেট-মাপেট। স্টলে রয়েছে শিশু-কিশোরদের ম্যাগাজিন কিশোর আলোর উপহারসামগ্রী। সেখানে শিশুরা রাঙাচ্ছে নিজের টি-শার্ট, বর্ণিল বর্ণে সাজাচ্ছে নিজের মতো করে।

রাজশাহী: ঘড়ির কাঁটায় তখন সকাল আটটা। এরই মধ্যে শিশুরা দখল করে নেয় রাজশাহী কলেজিয়েট স্কুলের মাঠ। আধঘণ্টা পরেই স্টলে স্টলে শিশুদের উপচে পড়া ভিড়। উদ্বোধনের আগেই অনেকটা শুরু হয়ে যায় বর্ণমেলা।
রাজশাহীতে এই প্রথমবারের মতো আয়োজিত এ মেলার প্রবেশপথে তৈরি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল মতিন, বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক রহমান রাজু ও প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু।
উদ্বোধনের পর জাতীয় সংগীত পরিবেশন করে অরুণোদয় সাংস্কৃতিক গোষ্ঠী। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী বক্তব্যে হাসান আজিজুল হক শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ধারণ করতে হবে বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ। জীবনের নিংড়ানো সমস্ত শক্তি দিয়ে বাংলাকে ভালোবাসতে হবে। আর মনে রাখতে হবে যেমনটি হতে চাই, ঠিক সেই মানুষটি যেন হতে পারি।’

মলয় ভৌমিক বলেন, এই মেলা যেন নিতান্তই প্রদর্শনীতে পরিণত না হয়, বরং জীবন ও চেতনার জন্য কাজে লাগে। এই মেলা যেন সমস্ত বিকৃতির বিরুদ্ধে হাতিয়ার হয়ে ওঠে।
এখন মেলায় চলছে শিশুদের নানা প্রতিযোগিতা আর মঞ্চে চলছে আবৃত্তি ও সংগীত পরিবেশনা।
চট্টগ্রাম: নাচ, গান, আবৃত্তি আর বর্ণিল নানা আয়োজনে সকাল থেকে চট্টগ্রামের নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয় মাঠে চলছে মেলা। সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে আজ বাংলা ভাষা সমাদৃত। কিন্তু নতুন প্রজন্ম আজ বর্ণ ভুলে যাচ্ছে। তাদের এই বর্ণমালা ধারণ করতে হবে। তিনি আরও বলেন, ‘একুশ আমাদের চেতনার জাগরণ মঞ্চ। একুশের পথ ধরে এসেছে স্বাধীনতা। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পথ চলতে হবে।’
এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে মঞ্চে অনুষ্ঠানের সূচনা হয়। রক্ত করবীর শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। এর পর অভ্যুদয় সংগীত অঙ্গন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রয়াত শিল্পী অজিত রায়ের কয়েকটি গান পরিবেশন করে। এর পর সিলভার বেলস গার্লস হাই স্কুল, মেরন সান স্কুল, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন সংগঠন একে একে তাদের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে মঞ্চে আসে।

এদিকে, বর্ণমেলা উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে সকাল থেকে মেলা প্রাঙ্গণে আসেন অভিভাবকেরা। আসেন তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী-পুরুষ। শিশুরা মেতেছে তাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে। সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে রাজীব বসাকের জাদু আর জলপুতুলের পাপেট শোতে।
আরও পড়ুন: