বর্তমান অবস্থায় কেউ ঘরে বসে থাকতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, দেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, তাতে আলেম-ওলামা থেকে শুরু করে দেশের কোনো নাগরিকই চুপ করে বসে থাকতে পারে না। তিনি এই ভয়াবহ সংকট থেকে উত্তরণে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির আগমুহূর্তে গতকাল শনিবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে আহমদ শফী এ আহ্বান জানান।
‘দেশ ও ইমান রক্ষায় এগিয়ে আসুন’ শিরোনামের এই খোলা চিঠিতে বিরোধী দলের কর্মসূচির বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি। তবে এ কথা বলা হয়, দেশে আজ চরম অশান্তি ও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। মানুষের জানমালের সামান্যতম নিরাপত্তা নেই। রাস্তায় বের হয়ে মানুষ লাশ হয়ে বাড়ি ফিরছে। রাজপথে বোমা, পেট্রলবোমায় মানুষ পুড়ছে। নির্বিচারে গাড়ি ভাঙচুর ও জাতীয় সম্পদের ক্ষতিসাধন করা হচ্ছে। নাশকতা প্রতিরোধের নামে পুলিশ, র্যাব, বিজিবি নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ মারছে। যৌথ বাহিনীর অভিযানের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবাদী লোকদের গণহারে গ্রেপ্তার করেই ক্ষান্ত হচ্ছে না, তাদের বাড়িঘরেও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
হেফাজতের আমির বলেন, নির্বাচনকালীন সরকার নিয়েই দেশের এই সংকট। এ পরিস্থিতির জন্য মূলত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারই দায়ী। এই চরম অস্থিতিশীল অবস্থায় দেশকে ইসলামশূন্য করা এবং ইমান-আকিদা ধ্বংস করার দেশি-বিদেশি অপতত্রতা চলছে। এই পরিস্থিতিতে সাধারণ নাগরিক হিসেবে আলেম-ওলামারাও ভীষণভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত। চলমান সংকটের সমাধানে এবং দেশের ৯০ ভাগ মানুষের ইমান-আকিদা রক্ষায় যার যার অবস্থানে থেকে এগিয়ে এসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।