
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। বরং বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে যে রাজনীতি শুরু হয়েছিল, তারা সেই রাজনীতিই করছে।
গতকাল বৃহস্পতিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইমরান এইচ সরকার এসব কথা বলেন। তিনি বলেন, ‘বলতে বাধ্য হচ্ছি যে আজকে এই সরকার, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে পঁচাত্তরের পর যে রাজনীতি শুরু হয়েছিল, সেই রাজনীতি করে যাচ্ছে। এ কারণেই তারা যুদ্ধাপরাধীদের বিচার করার ক্ষেত্রে সব সময় দ্বিধান্বিত।’
ইমরান বলেন, ‘বিচারপতিদের অভিশংসনের ক্ষমতাও মহান সংসদ নিয়েছে। কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বাদে সবাইকে টাকা দিয়ে কেনা যায়। তার মানে অপেক্ষা করছি, যাঁদের টাকা দিয়ে কেনা যায়, তাঁরাই ভবিষ্যৎ বিচারকদের নিয়োগ দেবেন।’
বিকেল চারটা থেকে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বাম এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। তাঁরা স্লোগান তোলেন, ‘দেইল্লা চোরার ফাঁসির রায়, বেইচা দিলি কয় টাকায়’, ‘রং-বেরং এর দালালেরা, হুঁশিয়ার সাবধান’।
সমাবেশের সময় গণজাগরণ মঞ্চের কামাল পাশা চৌধুরী-সমর্থিত অংশটির নেতারা জাদুঘরের সামনে উত্তর পাশে উপস্থিত থাকলেও তাঁরা আলাদা কোনো কর্মসূচি পালন করেননি। তবে বেলা ১১টার দিকে ‘শাহবাগ আন্দোলন’-এর ব্যানারে দুই অংশের বাইরে পাঁচটি বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা সাঈদীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। সন্ধ্যায় তাঁরা শাহবাগ থেকে মশাল মিছিলও করেছেন। গণজাগরণ মঞ্চের সমাবেশে যুব ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান বলেন, সাঈদীর এমন একটি রায় দেওয়া হয়েছে, যাতে জনগণের করের টাকায় তাকে সারা জীবন পুষতে হয়।
ইমরান এইচ সরকার সংবিধানের ৪৯ ধারার সমালোচনা করে বলেন, এই ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি যেকোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। অতীতে রাজনৈতিকভাবে চিহ্নিত অপরাধীদের ক্ষমা করে দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে এ ধারা ব্যবহার করা না যায়, সে জন্য এই ধারা বাতিল করতে হবে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক নাসিরউদ্দিন বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার মাধ্যমে তাদের ন্যূনতম যে স্বাধীনতা ছিল, তা-ও হরণ করা হয়েছে। গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে সম্প্রচার নীতিমালা করা হয়েছে। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানি, ব্লগার আরিফ জেবতিক, উদীচীর সহসাধারণ সম্পাদক জমশেদ আনোয়ার প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন ব্লগার মারুফ রসূল।
আজ শুক্রবার বিকেল চারটায় শাহবাগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।