বর্তমান আর সাবেক কাউন্সিলরের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম নেই প্রার্থীদের। সকাল-দুপুর-রাতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তাঁরা। প্রার্থনা করছেন ভোট। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের চিত্র এটি। এর ব্যতিক্রম নয় ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডও।
সিটি করপোরেশন নির্বাচনে এই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি দিদারুর রহমান, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, স্বতন্ত্র প্রার্থী অসীম রায় ও মো. হানিফ ভূঁইয়া।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে দিদারুর রহমান (রেডিও প্রতীক) ও তারেক সোলায়মান সেলিমের (ঘুড়ি প্রতীক) মধ্যে। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় তাঁরা দুজনই এগিয়ে আছেন। কাউন্সিলরের দায়িত্ব পালন করায় জনগণের সঙ্গে তাঁদের সম্পৃক্ততাও বেশি।
অন্য দুই প্রার্থীর সঙ্গে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অসীম রায় (মিষ্টিকুমড়া প্রতীক) ও মো. হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি প্রতীক)।
এলাকার রাস্তাঘাটের তেমন কোনো সমস্যা না থাকায় সামাজিক নিরাপত্তা, সুপেয় পানির সংকটের নিরসন ও পরিচ্ছন্নতার দিকে জোর দিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দেশের অন্যতম বড় বাজার রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, নিউমার্কেটের পশ্চিম অংশ, আমতল, তিন পোলের মাথা, দারুল ফজল মার্কেট, দোস্ত বিল্ডিং, পিকে সেন লেইন এলাকা নিয়ে এ ওয়ার্ড গঠিত।
ওই ওয়ার্ডের বাসিন্দা প্রায় এক লাখ। তবে ভোটার ১৫ হাজার ৩৪ জন। পুরুষ ভোটার ১০ হাজার ৬০০ জন ও নারী ভোটার ৪ হাজার ৪৩৪ জন।
কাউন্সিলর প্রার্থী দিদারুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর ধরে এলাকাবাসীর সঙ্গে ছিলাম। এলাকার উন্নয়নে আমার অবদান সম্পর্কে এলাকাবাসী জানেন। আশা করি, তাঁরা এবার এর মূল্যায়ন করবেন।’
আরেক প্রার্থী তারেক সোলায়মান সেলিম ২০০৫ সালের নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। তবে ২০১০ সালের ১৭ জুনের নির্বাচনে তিনি অংশ নেননি।
তারেক সোলায়মান সেলিম বলেন, ‘আমাদের ওয়ার্ডকে বাণিজ্যিক ওয়ার্ড বললে ভুল হবে না। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। তাঁদের ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করব। পরিচ্ছন্নতা ও সুপেয় পানির সংকটের বিষয়টি সমাধান করা হবে।’ তিনি বলেন, ‘বর্তমান কাউন্সিলরের সঙ্গেই আমার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।’
আলকরণ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ইলিয়াছ মিঞা প্রথম আলোকে বলেন, বর্তমান কাউন্সিলর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সাফল্য দেখিয়েছেন। নির্বাচনে তাঁর সঙ্গে মূল লড়াই হবে তারেক সোলায়মান সেলিমের। তাঁদের দুজনেরই এলাকায় ব্যাপক পরিচিতি আছে।