বর্তমান ও সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলার এক বছর পর গত রোববার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এই অভিযোগপত্রে পৌরসভার বর্তমান ও সাবেক মেয়রসহ বিএনপি-জামায়াতের স্থানীয় বেশ কয়েকজন নেতার নামও রয়েছে।
মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ও মোহামঞ্চদ আলী প্রথম আলোকে জানান, একটি মামলায় ৫৮২ জন ও অন্যটিতে ৫৭৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শিবগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা শামীম কবির, সাবেক মেয়র জামায়াত নেতা জাফর আলী, বিএনপি নেতা আশরাফ আলী, তৌহিদুর রহমান মিয়া, শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হোদা প্রমুখ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এসব মামলায় শতাধিক আসামি কারাগারে রয়েছেন। অন্যরা পলাতক।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ২০০ কোটি টাকার সম্পদ পুড়ে যায়। ঘটনায় একই বছরের ৪ মার্চ মামলা দুটি করা হয়। মামলায় ২০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮-১০ হাজার জামায়াত-শিবির কর্মীকে আসামি করা হয়।