বর্তমান ও সাবেক সাংসদের ইটভাটাসহ ১২টিতে জরিমানা
মেহেরপুরে অবৈধভাবে ইটভাটা তৈরি ও নিষিদ্ধ টিনের চিমনি ব্যবহারের অভিযোগে বর্তমান ও সাবেক সাংসদের ভাটাসহ ১২টি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। খুলনার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত প্রায় তিন লাখ টাকা আদায় করেন। মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপিদলীয় সাংসদ আমজাদ হোসেনের ইটভাটায় গিয়ে সেখানে কয়লার বদলে কাঠ পোড়াতে দেখা যায়। এই অপরাধের কারণে তাঁর ভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন হাটবোয়ালিয়া গ্রামে এমপিজেবি নামক একটি ইটভাটায় টিনের চিমনি ভেঙে ফেলা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভাটার ব্যবস্থাপক গোলাম পাশা জানান, ভাটাটি মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মকবুল হোসেনের।মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ও জুবায়ের আহমেদসহ পরিবেশ অধিদপ্তর খুলনার উপপরিচালক আজিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। আজিজুর রহমান জানান, অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে মেহেরপুরের মতো সারা দেশে অভিযান চলছে। এ পর্যন্ত ১২টি ইটভাটার বিরুদ্ধে অর্থদণ্ড করা হয়েছে। ছয়টি টিনের চিমনি ভেঙে ফেলা হয়েছে।