সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ভোট চলাকালে ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের নেতৃত্বে দুটি কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় উত্তেজিত জনতা একটি কেন্দ্রে সাংসদকে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হন। এ দুই কেন্দ্রের একটিতে তিন ঘণ্টা এবং অন্যটিতে দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
এদিকে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে গতকাল রোববার টুলটিকর ইউনিয়নের মিরাপাড়া আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বুথ দখল করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারা হয়েছে। দুপুর ১২টার দিকে সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সাংসদ মোয়াজ্জেম হোসেন কয়েকটি মোটরসাইকেলে করে দলবল নিয়ে উপজেলার সেলবরষ ইউনিয়নের সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। তাঁরা কেন্দ্রে ঢুকে সাংসদ-সমর্থিত প্রার্থী শামীম আহমদ মুরাদের এজেন্ট ছাড়া অন্যদের মারধর করে বের করে দিয়ে জাল ভোট দিতে থাকেন। এ সময় কেন্দ্রের বাইরে থাকা লোকজন উত্তেজিত হয়ে সাংসদ ও তাঁর লোকজনকে কেন্দ্রের ভেতরে অবরুদ্ধ করে রাখেন এবং বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন। সাংসদের লোকজনের মারধরে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল মোতালেব খানের প্রধান নির্বাচনী এজেন্ট, সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আমজাদসহ সাতজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও অতিরিক্ত পুলিশ সেখানে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সাংসদ কেন্দ্র থেকে বের হয়ে যান। এ ঘটনায় ওই কেন্দ্রে তিন ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
সেলবরষ ইউপি চেয়ারম্যান আলী আমজাদ বলেন, ‘আমরা কল্পনাও করতে পারিনি যে সাংসদের নেতৃত্বে এভাবে ভোট ডাকাতি হবে। সাংসদ ও তাঁর লোকজন আমাদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে সেটি দখল করে নেন এবং ইচ্ছেমতো জাল ভোট দিয়েছেন।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটায় বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল।’
সাংসদ মোয়াজ্জেম হোসেন বেলা একটার দিকে একইভাবে দলবল নিয়ে যান পাইকরহাটি ইউনিয়নের বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে একই কায়দায় কেন্দ্র দখল করে অন্য প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। ওই কেন্দ্রে বেলা সোয়া তিনটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রাণতোষ সরকার বলেন, ‘এখানে ব্যালট নিয়ে টানা-হ্যাঁচড়া হওয়ায় প্রায় দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই উপজেলার দুটি কেন্দ্র দখল করে দুর্বৃত্তরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সেখানে গেলে দুর্বৃত্তরা সটকে পড়ে। জাল ভোট চিহ্নিত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে কথা বলার জন্য সাংসদ মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। সন্ধ্যা ছয়টার দিকে আবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুর ১২টার দিকে শফিকুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ১০-১৫ জন নেতা-কর্মী আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। তাঁরা দোতলার একটি কক্ষ দখল করে ব্যালট নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশফাক আহমদের প্রতীকে সিল মেরে বাক্সে ভরতে থাকেন।
কয়েকজন ভোটার অভিযোগ করেন, সাবেক সাংসদের নেতৃত্বে প্রকাশ্যে ব্যালটে সিল মারার ঘটনা ঘটলেও প্রিসাইডিং কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত কর্মকর্তারা বাধা দেননি। এতে করে প্রায় আধা ঘণ্টা কোনো ভোটার ভোট দিতে পারেননি।
ক্ষোভ প্রকাশ করে এক ভোটার বলেন, ‘ভোট দিতে আধা ঘণ্টা ধরে লাইনে আছি। এখন প্রিসাইডিং কর্মকর্তা বলছেন, ব্যালট পেপার নাকি শেষ। আমি ভোটও দিলাম না। ব্যালট পেপার শেষ হলো ক্যামনে?’
খবর পেয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থী শাহ জামাল নুরুল হুদা ওই কেন্দ্রে যান। তিনি পৌঁছার আগেই সাবেক সাংসদ তাঁর দলবল নিয়ে কেন্দ্র ত্যাগ করেন।
বেলা পৌনে একটায় ভোটকেন্দ্রটির একটি কক্ষে গিয়ে দেখা গেছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ব্যালটের মুড়িতেই আগাম সিল মেরে রেখেছেন পোলিং কর্মকর্তারা। নিয়মানুযায়ী ভোটারকে ব্যালট দেওয়ার সময় মুড়িতে সিল মারার বিধান রয়েছে।
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল খালেক বলেন, ‘কাজ দ্রুত সম্পন্ন করে রাখার উদ্দেশ্যে পোলিং কর্মকর্তা ভুলবশত মুড়িতে আগাম সিল মেরে রেখেছেন। তবে এটি সঠিক হয়নি। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
জানতে চাইলে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘এটা আমার বাসার পাশের ভোটকেন্দ্র। ওই কেন্দ্রের সামনে দিয়ে গিয়েছি, কিন্তু কেন্দ্রের ভেতরে যাইনি। এটি জামায়াত-বিএনপির একটি রটনামাত্র।’
রিটার্নিং কর্মকর্তা এ জেড এম নুরুল হকের দাবি, সদর উপজেলার মিরাপাড়া আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কিছুসংখ্যক লোক জোর করে ভোট দেওয়ার চেষ্টা চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় সেই অপচেষ্টা সফল হয়নি। এতে ওই কেন্দ্রে কয়েক মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকলেও কোনো জাল ভোট প্রদানের ঘটনা ঘটেনি।
(প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের উজ্জ্বল মেহেদী ও সুমনকুমার দাশ, সুনামগঞ্জের খলিল রহমান ও ধরমপাশার সালেহ আহমদ)