নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত সবচেয়ে ভালো নির্বাচন বলে আখ্যায়িত করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। তারা বলেছে, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক বিবৃতিতে ইডব্লিউজি থেকে এসব কথা বলা হয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার ইডব্লিউজির সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করে বলা হয়েছে, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জে যে নির্বাচন হয়েছে, তা বর্তমান কমিশনের অধীনে অনুষ্ঠিত সবচেয়ে ভালো নির্বাচন। সাম্প্রতিক সময়ে দেশে অনুষ্ঠিত নির্বাচনে যে ধরনের জাল ভোট, সহিংসতা, ভোট জালিয়াতি ও অনিয়ম দেখা গিয়েছিল, তা এই নির্বাচনে তা দেখা যায়নি।
ইডব্লিউজি আরও বলেছে, নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা ভোট দিয়েছেন সুশৃঙ্খলভাবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে ভোট গ্রহণ করতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগ ও বিএনপির পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। কোথাও ভোটারদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা দেখা যায়নি।