নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত সবচেয়ে ভালো নির্বাচন বলে আখ্যায়িত করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। তারা বলেছে, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক বিবৃতিতে ইডব্লিউজি থেকে এসব কথা বলা হয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার ইডব্লিউজির সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করে বলা হয়েছে, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জে যে নির্বাচন হয়েছে, তা বর্তমান কমিশনের অধীনে অনুষ্ঠিত সবচেয়ে ভালো নির্বাচন। সাম্প্রতিক সময়ে দেশে অনুষ্ঠিত নির্বাচনে যে ধরনের জাল ভোট, সহিংসতা, ভোট জালিয়াতি ও অনিয়ম দেখা গিয়েছিল, তা এই নির্বাচনে তা দেখা যায়নি।
ইডব্লিউজি আরও বলেছে, নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা ভোট দিয়েছেন সুশৃঙ্খলভাবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে ভোট গ্রহণ করতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগ ও বিএনপির পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। কোথাও ভোটারদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা দেখা যায়নি। এমনকি ভোট গ্রহণ নিয়ে কোনো প্রার্থী বা প্রার্থীর এজেন্ট কোনো ধরনের অনিয়মের অভিযোগও করেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ১০টা পর্যন্ত ২৪ শতাংশ, বেলা একটা পর্যন্ত ৪৫ এবং তিনটা পর্যন্ত ৫৬ শতাংশ ভোট গৃহীত হয়। ভোট গ্রহণ চলাকালে ইডব্লিউজির ৩১ জন পর্যবেক্ষক ১৭৪ কেন্দ্রের মধ্যে ৩১টি পর্যবেক্ষণ করে। সকালে ভোট গ্রহণ শুরুর আগে ব্যালট বাক্স যে খালি ছিল, তা প্রমাণের জন্য সবার সামনে ব্যালট বাক্স খোলা হয়। এ সময় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। প্রার্থীর পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোট গণনা হয়। তবে পর্যবেক্ষণ করা তিনটি কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। গণনার সময় কক্ষে অযাচিত কোনো ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি। গণনার আগে সব ব্যালট বাক্সে নিরাপত্তা সিল সঠিকভাবে লাগানো ছিল।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইডব্লিউজির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘ইদানীংকালে এত সুষ্ঠু নির্বাচন আমরা দেখিনি।’
সাংসদ শামীম ওসমান কর্তৃক ব্যালট পেপারে সিল মেরে তা প্রদর্শন করা সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে ইডব্লিউজির পরিচালক আবদুল আলীম বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তি ব্যালট পেপারে সিল মেরে তা প্রদর্শন করতে পারেন না। এ ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ডের বিধান আছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইডব্লিউজির সদস্য নোমান আহমেদ ও রেজাউল করিম চৌধুরী।