বর্তমান চেয়ারম্যানকে সমর্থন দেবে না জেলা বিএনপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাতকে মনোনয়ন না দেওয়ার চেষ্টা চলছে। সাম্প্রতিক আন্দোলন-কর্মসূচিতে হাসনাত নিষ্ক্রিয় ছিলেন বলে বিএনপির জেলা কমিটির সভাপতি গিয়াস কাদের চৌধুরী অভিযোগ করেছেন। এ কারণে রাঙ্গুনিয়ায় বিকল্প প্রার্থী খুঁজছে বিএনপি। একইভাবে আওয়ামী লীগেও সংকট রয়ে গেছে। আগামী ২৩ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী গত রোববার মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বিএনপি-সমর্থিত পাঁচজন এবং বাকি ছয়জনের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগ-সমর্থিত। একজন প্রবাসী। বিএনপি-সমর্থিত প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত রয়েছেন। বাকি চারজন হলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, শহীদ জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগামী ৬ মার্চ আমরা রাঙ্গুনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নিজস্ব প্রার্থীর নাম ঘোষণা দেব। ঘোষণায় বর্তমান চেয়ারম্যান হাসনাতের নাম থাকার সম্ভাবনা নেই। কারণ বিগত আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন না। এলাকার লোকের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল না। এসব কারণ বিবেচনায় এনে আমরা এলাকায় আন্দোলনে সক্রিয় ছিলেন এমন একজনকে প্রার্থী করব।’
বর্তমান চেয়ারম্যান আবু আহমেদ হাসনাতের প্রশ্ন, ‘আন্দোলনেই যদি না থাকতাম তাহলে অসংখ্য মামলার আসামি হলাম কীভাবে?’ তিনি বলেন, ‘রাঙ্গুনিয়াবাসীর সঙ্গে আমার নাড়ির সম্পর্ক তৈরি হয়েছে। বিএনপির নীতিনির্ধারকেরা আমাকে মনোনয়ন দেবেন বলে আশা করছি।’
আ.লীগেও সংকট: গত রোববার রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সজন কুমার তালুকদার ও কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. জসিম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. জামাল উদ্দিন ও আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।
গতকাল সোমবার পর্যন্ত রাঙ্গুনিয়ায় প্রার্থী ঠিক করতে পারেনি আওয়ামী লীগ। সাবেক মন্ত্রী হাছান মাহমুদের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া। তাঁর মতামতের জন্য জেলা আওয়ামী লীগ অপেক্ষা করছে। তিনি ঢাকা থেকে এলে প্রার্থীদের নিয়ে জেলা আওয়ামী লীগ সমঝোতা বৈঠকে বসতে পারে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়ায় আমরা প্রার্থী ঠিক করতে পারিনি। স্থানীয় সাংসদ হাছান মাহমুদকে নিয়ে আমরা প্রার্থীদের সঙ্গে বসে সমঝোতা বৈঠকে বসব। কেউ সমঝোতায় না এলে সে ক্ষেত্রে তৃণমূল থেকে ভোটাভুটি করে একজনকে সমর্থন দেওয়া হবে।’ ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল। তাঁদের নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যায়। তখন জয়ী হন বিএনপির সমর্থিত প্রার্থী আবু আহমেদ হাসনাত।