ফেনীর তিনটি পৌরসভা সদর, দাগনভূঞা ও পরশুরামের বর্তমান মেয়রকেই আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে জেলা আওয়ামী লীগ।
ফেনী সদর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আলাউদ্দিন। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিবের পদ ছেড়ে তিনি কিছুদিন আগে আওয়ামী লীগে যোগ দেন। পরশুরাম পৌরসভার বর্তমান মেয়র ও পরশুরাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী এবং দাগনভূঞা পৌরসভার বর্তমান মেয়র ও দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান এবারও দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে জানান, গত রোববার রাতে ফেনী জেলা আওয়ামী লীগ, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ ও ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভায় ওই তিনজনকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়।
একই সভায় ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮ জনকে এবং ছয়টি সংরক্ষিত নারী আসনে ছয়জনকে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ফেনী পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলররা হচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে আশ্রাফুল আলম, ২ নম্বর ওয়ার্ডে লুৎফুর রহমান হাজারী ওরফে খোকন হাজারী, ৩ নম্বর ওয়ার্ডে কোহিনুর আলম, ৪ নম্বর ওয়ার্ডে মজিবুর রহমান ভূঞা, ৫ নম্বর ওয়ার্ডে জয়নাল আবদীন ওরফে লিটন, ৬ নম্বর ওয়ার্ডে মো. আতিকুল্লাহ ফয়সাল, ৭ নম্বর ওয়ার্ডে বাহার উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে মফিজ উল্যাহ, ৯ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম পাটোয়ারী, ১০ নম্বর ওয়ার্ডে মাহতাব মুন্না, ১১ নম্বর ওয়ার্ডে গোলাম মেহেদী আলম চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে হারুন-উর রশিদ মজুমদার, ১৩ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম মিয়াজী, ১৪ নম্বর ওয়ার্ডে মনির আহম্মদ, ১৫ নম্বর ওয়ার্ডে আবু ইউসুফ ভূঁঞা, ১৬ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বাহার, ১৭ নম্বর ওয়ার্ডে মো. মানিক, ১৮ নম্বর ওয়ার্ডে সাইফুর রহমান।
সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সাহেদা আক্তার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জেসমিন আক্তার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সেলিনা চৌধুরী, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে আমেনা মজুমদার, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে মঞ্জু রানী দেবী এবং ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আরা বেগম।