বর্তমান নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন চেয়েছে বাম মোর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও কালোটাকার খেলায় পর্যবসিত বর্তমান নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন চেয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। একটি গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি ১৬ দফা প্রস্তাবনা দিয়েছে।
গতকাল সোমবার সকালে বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন।
১৬ দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: নির্বাচন কমিশন হবে প্রভাবমুক্ত ও পক্ষপাতহীন; একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন পরিচালনায় তাদের প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে; জাতীয় সংসদের অনুমোদন সাপেক্ষে নির্বাচন কমিশনাররা নিয়োগ পাবেন এবং সংসদ তাঁদের অপসারণ করবে; নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে; নির্বাচনসংক্রান্ত বিরোধ ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে; রাজনৈতিক দলের নিবন্ধনে গণপ্রতিনিধিত্ব আদেশের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ধারা বাতিল করে সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাম মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, আবদুস সালাম, মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম, হামিদুল হক প্রমুখ।