বর্তমান পদ্ধতি বজায় থাকলে বিচারব্যবস্থা ভেঙে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বর্তমান বিচার পদ্ধতি অব্যাহত থাকলে অচিরেই দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়বে। জনগণ যাতে সহজে বিচার পায় এবং দেওয়ানি ও ফৌজদারি মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, সে জন্য সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি বাধ্যতামূলক করার চিন্তা করছে। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিকল্প বিরোধ নিষ্পত্তিবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইন কমিশন ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস) আয়োজিত এই অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘মামলাজট দূর করার জন্য এডিআরের বিকল্প নেই। আমাদের জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা অপ্রতুল। দেশে আদালত ও মামলা-ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। বিচারপতিরা জ্যেষ্ঠ আইনজীবীদের মামলাকে গুরুত্ব দেন। কিন্তু স্বল্প আয়ের মানুষের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ধরা সম্ভব হয় না বলে তাদের দুর্ভোগ বেড়ে যায়।’এডিআর কার্যকর না হওয়ার কারণ হিসেবে জ্যেষ্ঠ আইনজীবীদের দায়ী করে আইনমন্ত্রী বলেন, এডিআর পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত জ্যেষ্ঠ আইনজীবীরা নিজেদের মামলা নিয়েই ব্যস্ত ছিলেন। এ জন্য এবার প্রশিক্ষণ দিয়ে মধ্যস্থতাকারী নিয়োগ করা হবে।ড. কামাল হোসেন বলেন, বিচার বিভাগের আস্থা ফিরিয়ে আনতে হলে আইনজীবীদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা যাবে না। তিনি বলেন, এ দেশে এখন একটি সমন জারি করতে দু-তিন বছর লেগে যায়। মামলা চালু হতেই যদি দু-তিন বছর লাগে, তাহলে মানুষ যাবে কোথায়। ভুয়া দলিল, ভুয়া মামলা এবং ভুয়া রায়ের ভুয়া বাস্তবায়নে দেশ ভরে গেছে।সাবেক এই আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, অনেক জ্যেষ্ঠ আইনজীবী ভুয়া হলফনামা জমা দিলে ওই আইনজীবীর ভাবমূর্তির কারণে বিচারক স্মিত হেসে তা গ্রহণ করেন। এর বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিচারপতি মীর্জা হোসাইন হায়দার বলেন, আইনজীবীরা এখন ‘লার্নিং’ বিষয়টা ভুলে ‘আর্নিং’-এ বেশি ব্যস্ত। তাঁরা লার্নিংয়ে ফিরে এলে অনেক কিছুই ঠিক হয়ে যাবে।বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, মামলাজট ও মানুষের দুর্ভোগ কমাতে এডিআরের কোনো বিকল্প নেই।বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবদুল বাসেত মজুমদার বলেন, যেকোনো উপায়ে মামলায় জিততে হবে—এমন প্রতিহিংসার সংস্কৃতি থেকে বের হতে হলে এডিআর কার্যকর করতে হবে।আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য এস সি পাল ও এম শাহ আলম, বিচারপতি মনিরুজ্জামান প্রমুখ। সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আইনজীবীরা অংশ নেন।