ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বর্তমান পরিস্থিতি খুবই সংবেদনশীল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ময়মনসিংহের দুটি আসনে উপনির্বাচন নিয়ে গতকাল সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, কমিশন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে, নির্বাচনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা থাকলে তা যেন কমিশনকে আগেই জানানো হয়।
১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে এবং ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা হয়েছে। ১৮ জুলাই ময়মনসিংহ-১ ও ৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনার জন্য কমিশন গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে কমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার ঘটনার পর এখন পরিস্থিতি খুবই সংবেদনশীল। এই পরিস্থিতি নিয়ে কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, এখন পর্যন্ত নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক। তবে যেকোনো ধরনের খারাপ পরিস্থিতির বিষয়ে তারা তৎপর রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি যাতে খারাপ না হয়, সে বিষয়ে সজাগ থাকতে কমিশন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে। বলেছে, ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে। নাশকতার কোনো আশঙ্কা থাকলে সেটা যেন কমিশনকে আগেই জানানো হয়। কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনীও ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে কমিশনকে আশ্বস্ত করেছে।