সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দেশে জিপিএ-৫-এর সংখ্যা যে হারে বেড়ে গেছে, তাতে শুধু মিষ্টির দোকানদার ছাড়া আর কারও কোনো লাভ হচ্ছে না। বর্তমান পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে ভালোকে ভালো বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।
বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) বার্ষিক সেমিনারে গতকাল শনিবার তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে বিএসটিডির নিজস্ব কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আকবর আলি খান বলেন, ভালো ছাত্রের সংখ্যা আগে যেমন ছিল, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে সংখ্যা বাড়তে পারে, কিন্তু লাখ লাখ হারে যেভাবে বাড়ছে, তাতে কোনো লাভ হচ্ছে না। সর্বক্ষেত্রেই অবমূল্যায়ন করা হচ্ছে৷ পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি ব্যর্থ হয়ে দাঁড়াচ্ছে। সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বাংলাদেশে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও শিক্ষাব্যবস্থা থেকে ভালোকে পুরস্কৃত করার ও খারাপকে তিরস্কার করার সংস্কৃতি উঠে গেছে।
‘মূল্যায়ন ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার মান’ শীর্ষক মূল প্রবন্ধে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন বলেন, ‘পরীক্ষায় ভালো ফল করার দায়িত্ব মূলত পরীক্ষার্থীর। তাকে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুত করানোর দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের৷ পাসের হার একটু কম হলে সরকার কেন বিব্রত হয়, তা বোধগম্য নয়৷ যে দায়িত্ব সরকার বা শিক্ষা বোর্ডের নয়, সে দায়িত্ব যেচে নিজের কাঁধে নিয়ে পরীক্ষার ফলকে প্রভাবিত করার প্রচেষ্টা যে অযৌক্তিক, তাতে কোনো সন্দেহ নেই।’ তিনি প্রশ্ন ফাঁসের সঙ্গে সরাসরি সরকারের যোগসূত্র থাকে বলে মত প্রকাশ করেন। তিনি শিক্ষার মান বাড়াতে ‘ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা’ নিকৃষ্ট মানের শিক্ষাপ্রতিষ্ঠানের লাগাম টেনে ধরার পরামর্শ দেন।