বর্তমান পৌর মেয়রকে মনোনয়ন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিন্টুকে আওয়ামী লীগ থেকে আবারও মেয়র পদে মনোনয়ন দেওয়া হলে এই পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো পদত্যাগের হুমকি দিয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় লালমনিরহাট শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব ওয়ার্ড কমিটির নেতা-কর্মী-সমর্থকদের ব্যানারে বর্তমান মেয়র রিয়াজুল ইসলামকে মেয়র পদে আবারও যাতে মনোনয়ন না দেওয়া হয়, সেই দাবি নিয়ে একটি মিছিল বের হয়। এর আগে একই দাবিতে গত সোমবার রাত ১০টায় লালমনিরহাট পৌরসভার মিশন মোড় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ এলাকায় এসে শেষ হয়। এই মিছিলে পৌরসভার নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। পরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন। এতে তিনি বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে লালমনিরহাট পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান মেয়র রিয়াজুল ইসলামকে পুনরায় মনোনয়ন দেওয়া হলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ দলীয় ওয়ার্ড কমিটির সদস্যরা তা প্রত্যাখ্যান করব। জনবিচ্ছিন্ন ও দলীয় কর্মী-বিচ্ছিন্ন এই মেয়র গত পাঁচ বছরে দলের কোনো কর্মসূচি বা কর্মকাণ্ডে যোগ দেননি। আমরা দলের ত্যাগী নেতাদের মেয়র পদে দেখতে চাই। মেয়র রিয়াজুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলে আমরা (পৌর সভার নয়টি ওয়ার্ড কমিটি) সবাই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেব।’
এ ব্যাপারে মেয়র রিয়াজুল ইসলাম বলেন, ‘আমাকে আর যদি মনোনয়ন না-ও দেওয়া হয়, তা হলে যাঁকে দেওয়া হবে, তাঁর জন্য কাজ করব। তবে যাঁরা আমাকে মনোনয়ন দেওয়া হলে পদত্যাগের হুমকি দিচ্ছেন, তাঁরা ঠিক করছেন কি বেঠিক করছেন, তা সময়ই বলে দেবে।’