বিদ্যালয়ের কর্তৃত্ব নিয়ে সাংসদ ও ওয়ার্ড কাউন্সিলর অনুসারীদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে। গতকাল সোমবার সকালে পূর্ব শ্যাওড়াপাড়ার হাজি আশরাফ আলী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, আবুল কাশেম, আহাম্মদ আলী ও নজরুল ইসলাম। ঘটনার পর তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। এঁরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক খান (৪২), সহকারী শিক্ষক আক্তার হোসেন (৩৫) ও হিসাবরক্ষক মো. হাবিব। শিক্ষক ফারুক খান বাদী হয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে কাফরুল থানায় একটি মামলা করেছেন। মামলায় ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের, সাবেক প্রধান শিক্ষকসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।ঢাকা সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কমিশনার আবদুল কাদের তাঁর বাবার নামে জমি দিয়ে, ভবন তৈরি করে স্কুলটি প্রতিষ্ঠা করেন ১৯৯৭ সালে। ২০০৪ সালে স্কুলটি এমপিওভুক্ত হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্কুলটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠিত হয়। প্রতিষ্ঠাতা আবদুল কাদেরের অভিযোগ, সরকার ক্ষমতায় আসার পর ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার নিজের লোক দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করেন। স্কুলের পুরোনো প্রধান শিক্ষককেও বাদ দেওয়া হয়। একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, গত সংসদ নির্বাচনে কামাল আহমেদ মজুমদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আবদুল কাদের।কাদের জানান, এই পরিবর্তনের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। ৮ জুন হাইকোর্টের রায়ে বলা হয়, নতুন পরিচালনা পর্ষদ অবৈধ। হাইকোর্ট পুরোনো পর্ষদ বহাল রাখার আদেশ দেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ প্রথম আলোকে জানান, এই রায়ের কপিসহ আবদুল কাদের লোকজন নিয়ে গতকাল সকালে স্কুলে ঢুকে হিসাবপত্র বুঝে নিতে গেলে সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই আবদুল কাদেরের অনুসারী।এদিকে আবদুল কাদেরের অভিযোগ, কামাল আহমেদ মজুমদার নিজে পুলিশ নিয়ে গিয়ে তাঁর সঙ্গীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, হাইকোর্টের রায় পাওয়ার পর সেই রায়ের কপি তিনি থানায় দিয়েছেন এবং একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। স্কুলেও রায়ের একটি কপি পাঠিয়েছেন। গতকাল যে তিনি স্কুলে যাবেন, তা আগে জানানো হয়েছে। কাউকে মারধরের অভিযোগ অস্বীকার করেন কাদের।এ বিষয়ে সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আদালত রায় দিলে জেলা প্রশাসক এসে বিদ্যালয়ের দায়িত্ব নেবেন। ও (কাদের) এখানে এসে কেন শিক্ষকদের গায়ে হাত তুলল?’ পুলিশ দিয়ে স্কুলের সাবেক প্রধান শিক্ষককে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমাকে প্রধান শিক্ষক ফারুক খানের স্ত্রী ফোন করে বলেন, ফারুককে মারধর করছে আবদুল কাদের। এ ঘটনা আমি ওসি সাহেবকে জানাই। এরপর সংসদে যাওয়ার পথে স্কুলে ঢুকেছিলাম।’