বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে বলেছেন, ‘৯০ দিনের জন্য ক্ষমতায় এসে তারা দুই বছর পার করে দেয়। পকেট ভরে টাকা নিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই।’গতকাল শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত কায়সার নিলুফার কলেজ ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাজেদা চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে, সে ব্যাপারে আদালতের নির্দেশনা রয়েছে। বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল সম্পর্কে সংসদ উপনেতা বলেন, হরতাল নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। জনগণ চাইলে হরতাল হবে, না চাইলে প্রত্যাখ্যান করবে। নগরের কোরবানীগঞ্জ এলাকায় সুশীল রাজগরিয়ার বিল্ডিং খ্যাত নতুন কলেজ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাজেদা চৌধুরী কলেজের উদ্বোধন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আতাউর রহমান খান কায়সার ও তাঁর স্ত্রী নিলুফার কায়সারের নামানুসারে কলেজটির নামকরণ করা হয়।মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ চেমন আরা তৈয়ব, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের নেতা ইসহাক মিয়া, ওয়াসিফা কায়সার খান, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ ও রেহেনা বেগম। কলেজ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাজেদা চৌধুরী বলেন, আতাউর রহমান খান কায়সার ও নিলুফার কায়সার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিন্তু চাকরি ছেড়ে তাঁরা জনগণের সেবায় জীবন উৎসর্গ করেছেন। সভাপতির বক্তব্যে মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, চলতি মাসে চট্টগ্রাম সিটি করপোরেশন আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করবে।