বর্তমান বাজারদরে জমি অধিগ্রহণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্রবন্দর, শেরেবাংলা নৌঘাঁটি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির মূল্য বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল মঙ্গলবার কলাপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে উপজেলার লালুয়া, ধানখালী, চম্পাপুর, টিয়াখালী, বালিয়াতলী ও ধুলাসার এলাকার ক্ষতিগ্রস্ত জমিমালিকেরা উপস্থিত ছিলেন। এতে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম।

ক্ষতিগ্রস্ত জমিমালিকদের বাকি চার দফা দাবি হলো ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের স্বার্থে বিশেষ প্রণোদনা প্রদান, ভূমিমালিকদের টাকা প্রদানের জন্য কলাপাড়ায় ভূমি অধিগ্রহণ কার্যালয়ের শাখা স্থাপন, অধিগ্রহণ করা জমি নিয়ে যদি আদালতে মামলা থাকে, সে জন্য উপজেলা সদরে বিশেষ আদালত স্থাপন করে দ্রুত নিষ্পত্তি করে জমির প্রকৃত মালিককে মূল্য প্রদান এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে একজন প্রতিনিধি সংযুক্ত করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া মৌজায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির মূল্য বাজারদরের চেয়ে কম নির্ধারণ করা হয়েছে। ওই এলাকার জমির ক্ষতিপূরণের টাকা যেভাবে দেওয়া হচ্ছে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে কলাপাড়ার জমির মূল্য তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে। সরকার যে প্রক্রিয়ায় প্রতি শতক জমির মূল্য নির্ধারণ করেছে, তা দিয়ে দেশের কোথাও ক্ষতিগ্রস্ত লোকজন জমি কিনে বাড়িঘর নির্মাণ করতে পারবেন না।

লিখিত বক্তব্যে মঞ্জুরুল আলম বলেন, পায়রা সমুদ্রবন্দর, শেরেবাংলা নৌঘাঁটি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা তুলতে ও কাগজপত্র জমা দিতে উপজেলা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পটুয়াখালী জেলা শহরে যেতে হয়। সেখানে ক্ষতিগ্রস্ত জমিমালিকেরা প্রথমে দালালদের খপ্পরে পড়েন। এমনকি ভূমি অধিগ্রহণ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নানা ধরনের অনিয়মের কবলে পড়েন। এসব কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত জমিমালিকদের অনেকেরই জমির নির্ধারিত মূল্যের অর্ধেক চলে যায়। নিশানবাড়িয়া মৌজায় যে পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে, তার ৯০ ভাগ জমির মালিকেরা এখন পর্যন্ত টাকা তুলতে পারেননি। ক্ষতিগ্রস্ত ওই জমিমালিকেরা বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাসের জন্য অস্থায়ীভাবে ঘর তুলে মানবেতর জীবন যাপন করছেন। অধিগ্রহণ করা জমির টাকা তাঁরা আদৌ তুলতে পারবেন কি না, তা নিয়ে হতাশার সৃষ্টি হয়েছে।