বর্তমান বাস্তবতায় মহাত্মা গান্ধী অনুকরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় মহাত্মা গান্ধীর আদর্শ, জীবন ও শিক্ষা অনুকরণীয়। তাঁর অহিংস আন্দোলন, মানবতাবাদী দর্শন ও ধর্মীয় সহিষ্ণুতা শুধু বাংলাদেশ বা ভারত নয়, সারা বিশ্বের জন্য এক আলোকবর্তিকা। স্মারক বক্তৃতায় মহাত্মা গান্ধীকে এভাবেই স্মরণ করলেন বক্তারা।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে অষ্টম মহাত্মা গান্ধী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। ‘মহাত্মা গান্ধী: কোয়েস্ট ফর হারমোনি ইন পলিটিক্স অ্যান্ড সোসাইটি’ শিরোনামের এ বক্তৃতার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগ আর সহযোগিতায় ছিল ভারতীয় হাইকমিশন।

স্মারক বক্তা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী বলেন, মহাত্মা গান্ধীর মূল রাজনৈতিক দর্শন ছিল অহিংস আন্দোলন। তিনি সব ধর্মেরধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি প্রকৃতির মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছিলেন। দেশের জন্য তাঁর ত্যাগ ও ভালোবাসা, স্বাধীনতা ও উন্নয়নের জন্য আমৃত্যু সংগ্রাম ও সুদৃঢ় জাতীয়তাবাদ এই মানুষটিকে মহামানবে পরিণত করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মহাত্মা গান্ধী ছিলেন মানবতার প্রতীক। তাঁকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি ৷ কিন্তু এমন অনেকেই শান্তিতে নোবেল পেয়েছেন, যাঁরা সন্ত্রাস ও প্রতিহিংসার প্রতীক। শান্তি পুরস্কার না পেলেও বিশ্বে শান্তির কথা এলে প্রথমে আসে মহাত্মা গান্ধীর নাম। ’

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, মহাত্মা গান্ধী নিজে যেমন সাধারণ মানুষ ছিলেন, তাঁর বার্তাগুলো ছিল তেমনি সহজ। তবে আজকের মতো ওই আমলে ফেসবুক, টুইটার বা মুঠোফোনে খুদে বার্তা ছিল না। তিনি রেলের তৃতীয় শ্রেণির যাত্রী হয়ে নিজের বার্তা নিজেই প্রচার করেছেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষক এম রফিকুল ইসলাম ও তানভির শাহরিয়ার।