বিদ্যুৎ-সংকট নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় জ্বালানি ও অর্থনৈতিক বিশ্লেষকেরা দেশের বর্তমান বিদ্যুৎ-সংকটকে ‘কৃত্রিম’ বলে দাবি করেছেন। গতকাল শুক্রবার সকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে ‘বিদ্যুৎ-সংকট ও করণীয়’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠান হয়। গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, কৃত্রিম বিদ্যুৎ-সংকট সৃষ্টির পেছনে তিনটি অভিসন্ধি সুস্পষ্টভাবে কাজ করছে। প্রথমত, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি দামে বিদ্যুৎ কেনা, স্থলভাগে আরও পিএসসি চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানি দিয়ে গ্যাস উত্তোলন এবং ওপেন পিটের মাধ্যমে কয়লা উত্তোলনের ক্ষেত্র তৈরি করা। বক্তারা বলেন, সরকার ইতিমধ্যেই কুইক রেন্টালে বিদ্যুৎ কেনার উদ্যোগ নিয়েছে; যার দাম গোপন রাখা হয়েছে। অথচ সময়মতো উদ্যোগ নিলে কম মূল্যে সহজ পন্থায় স্বল্প সময়ে এই সংকট মোকাবিলা করা যেত। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন এম শামসুল আলম। এ ছাড়া পাওয়ার সেলের গবেষক বি ডি রহমতউল্লাহ, বিচারপতি গোলাম রাব্বানী, বিআইডিএসের গবেষক আসাদুজ্জামান, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, আনু মুহাম্মদ, বাসদের নেতা খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, গণতন্ত্রী পার্টির মাহামুদুর রহমান প্রমুখ আলোচনা করেন। সভা পরিচালনা করেন এম এম আকাশ। শামসুল আলম বলেন, গ্যাসের জন্য জনগণ বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা কমাতে চায়। অথচ সরকারের ঝোঁক নির্ভরতা বাড়ানোর দিকে। বি ডি রহমতউল্লাহ বলেন, ‘প্রতিটি সরকার এই বিষয়টি প্রচার করে যে, আমাদের অর্থ নেই, কারিগরি দক্ষতা নেই।’ আনু মুহাম্মদ বলেন, ‘বিদেশি কেম্পানিগুলো আমাদের গ্যাসক্ষেত্রগুলো জিম্মি করে রেখেছে। তারাই নিয়ন্ত্রণ করছে বিদ্যুৎ খাত।’