বর্তমান মেয়াদে গ্রামীণ ব্যাংক নিয়ে নতুন পরিকল্পনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকি মেয়াদে গ্রামীণ ব্যাংক নিয়ে নতুন কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মনে করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক। সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় না, গ্রামীণ ব্যাংক নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে সরকারের। কারণ, গ্রামীণ ব্যাংক এখন ভালোই চলছে।’
তবে গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে ব্যয় হওয়ার কথা—গ্রামীণফোন থেকে প্রাপ্য এমন ১০ হাজার কোটি টাকার কোনো হদিস নেই বলে জানান গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান।
টাকাটা কোথায় গেছে—জানতে চাইলে তিনি বলেন, ‘টাকাটা গ্রামীণফোন দিয়েছে গ্রামীণ টেলিকমকে। গ্রামীণ টেলিকম টাকা নিয়ে কী করেছে, তা আমাদের জানা নেই। কারণ, গ্রামীণ টেলিকম গ্রামীণ ব্যাংকের আওতায় নয়।’ টাকাটা কোথায় তা খুঁজে বের করা গ্রামীণ ব্যাংক কমিশনের কাজ বলে মনে করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী প্রথমে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি। তিনি বলেন, ‘ইউনূস সাহেব তো গ্রামীণফোনের সঙ্গে গ্রামীণ টেলিকমের কোনো সম্পর্কের কথা স্বীকারই করেন না।’ এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলবেন না বলে জানান তিনি। ২০১২ সালের মে থেকে শুরু হয়ে গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর কাজ করছে সরকার গঠিত গ্রামীণ ব্যাংক কমিশন। এর আগে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, গত ২০ জুলাই কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল অবশ্য অর্থমন্ত্রী বলেন, ঈদের আগে প্রতিবেদন পাচ্ছেন না তিনি। কবে পেতে পারেন—জানতে চাইলে তিনি বলেন, ‘এর জন্য অপেক্ষা করতে হবে।’
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে গ্রামীণফোন থেকে যে অর্থ পাওয়ার কথা, গ্রামীণ ব্যাংক তা পায়নি। প্রথম ছয় বছর গ্রামীণফোনের আয়ের ৩৫ শতাংশ এবং তার পর থেকে ৬৫ শতাংশ পাওয়ার কথা। কিন্তু এ অর্থ গ্রামীণ ব্যাংকে আসেনি।’