বর্তমান মেয়র আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা পৌরসভায় বর্তমান মেয়র ওয়াজেদ আলী মণ্ডলকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে তিনি ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
ওয়াজেদ আলী এ পর্যন্ত দুবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতিও। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হাসানের ভাই।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল আল মাসুদ বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুণ্ডুর নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠান জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ জিল্লুল হাকিম। কেন্দ্র থেকে প্রথমে এ কে এম শফিকুল মোরশেদকে মনোনয়ন দেওয়া হয়। পরে পরিবর্তন করে নতুনভাবে আবদুল আল মাসুদ বিশ্বাসকে মনোনীত করা হয়। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন ওয়াজেদ আলী।
ওয়াজেদ আলী বলেন, ‘দলীয় সভানেত্রীকে ভুল বুঝিয়ে আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। আমি স্থানীয় ষড়যন্ত্রের শিকার। পাংশাবাসী আমার সঙ্গে রয়েছে।’ আবদুল আল মাসুদ বিশ্বাস বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে কাজ করছি। আশা করি আমি জয়ী হব।’