বর্তমান মেয়ররা ধরাশায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার মানুষ অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুবই খুশি। চারটি পৌরসভার সব কটিতেই বিএনপির মেয়র প্রার্থীদের পরাজয় এবং আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বিপুল ভোটে বিজয় নিয়ে কেউই বিস্মিত নন। অনেকেই জোর দিয়ে বলেছেন, কাঙ্ক্ষিত রায় পেতে ভোটারদের অপেক্ষার অবসান হয়েছে।

চুয়াডাঙ্গা পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম জোয়ার্দার। অন্য তিনটিতে বিএনপির মেয়র। তাঁরা হলেন আলমডাঙ্গায় মীর মহিউদ্দিন, জীবননগরে নোয়াব আলী ও দর্শনায় মহিদুল ইসলাম। বুধবারের নির্বাচনে এই চারজনের একজনও জয়ী হতে পারেননি।
বিএনপির পরাজিত প্রার্থীসহ জেলা পর্যায়ের কোনো নেতা নির্বাচন নিয়ে মন্তব্য করতে চাননি। চুয়াডাঙ্গায় তৃতীয় অবস্থানে থাকা মেয়র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার বলেন, কেন্দ্রীয় বিএনপির ১০টি পর্যবেক্ষণ দল উপস্থিত থেকে ভোট দেখেছে। কেন্দ্র ও বিভাগীয় কমিটি তা জানাবে।
তবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, নানা কারণে বর্তমান মেয়রের সঙ্গে অনেকেরই দূরত্ব তৈরি হয়েছে। এসব মানুষ সংগঠিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর মোবাইল প্রতীকে ভোট দিয়েছেন। তিনি দাবি করেন, শুধু বিএনপি নয়, জামায়াতেরও অনেকেই মোবাইল প্রতীকে ভোট দিয়েছেন।
আলমডাঙ্গায় বর্তমান মেয়র মীর মহিউদ্দিনকে ২ হাজার ১০ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের হাসান কাদির। দর্শনায় বর্তমান মেয়র মহিদুল ইসলাম মাত্র ৩ হাজার ২৭ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়। এখানে আওয়ামী লীগের মতিয়ার রহমান ১১ হাজার ৭৯৯ ভোট পেয়ে জিতেছেন।
জীবননগরে বর্তমান মেয়র নোয়াব আলীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম। চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জয়ের নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর সর্বমোট (১৮ হাজার ৯৩৮) ভোটের চেয়েও ৬ হাজার ১৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভায় গতবারের তুলনায় ৮ হাজার ৩৭৮ ভোটার বেড়েছে। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই গতবারের তুলনায় অনেক কম ভোট পেয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নানা কারণে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া মোট ভোটারের (২৬ হাজার ২৭৩) প্রায় পুরোটাই ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরীকে।
২০১১ সালের নির্বাচনে আলমডাঙ্গায় ভোটার ছিল ২০ হাজার ২২৬। এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৮০। পাঁচ বছরে ভোটার বেড়েছে ২ হাজার ৯৫৪। গত নির্বাচনে বিএনপির মীর মহিউদ্দিন ৬ হাজার ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এবার হাসান কাদির নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গতবারের তুলনায় তাঁর ভোট বেড়েছে ২ হাজার ৬৩২। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মীর মহিউদ্দিন পেয়েছেন ৫ হাজার ১৯০ ভোট।
দর্শনায় ২০১১ সালের নির্বাচনে বিএনপির মহিদুল ইসলাম ৯ হাজার ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মতিয়ার রহমান ভোট পেয়েছিলেন ৮ হাজার ৮৪৬। মহিদুল ইসলাম এবার ভোট পেয়েছেন ৩ হাজার ২৭ ভোট। পাঁচ বছরের ভোটার সংখ্যা ২ হাজার ৫৩৪ বাড়লেও মহিদুল ইসলামের ভোট কমেছে ৬ হাজার ১।
২০১১ সালের নির্বাচনে জীবননগরে বিএনপির নোয়াব আলী ৩ হাজার ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পেয়েছিলেন ৩ হাজার ৯৬২ ভোট। পাঁচ বছরের এই পৌরসভায় ২ হাজার ৪৫৬ ভোটার বাড়লেও ভোট কমেছে নোয়াব আলীর। তিনি এবার পেয়েছেন ৩ হাজার ২৪ ভোট, যা গতবারের তুলনায় ৯৭৪ কম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং জনমতের প্রকাশ ঘটেছে। চুয়াডাঙ্গার বিজয়ী প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ওবায়দুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী। তিনি বিলুপ্ত জেলা যুবলীগের আহ্বায়ক। বর্তমানে তিনি কোনো দলেরই কোনো পদে নেই। তাই তিনি বহিষ্কারের আওতায় আসেননি। ভবিষ্যতে দলের সঙ্গে কাজ করতে চাইলে সুযোগ আছে।