বর্তমান মেয়ররাই নৌকার মাঝি, বিএনপিতে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার পাঁচটি পৌরসভার চারটিতেই বর্তমান মেয়ররা আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে লড়বেন। এ চারজনই আওয়ামী লীগের স্থানীয় নেতা। কেন্দ্রের নির্দেশ ইতিমধ্যে তাঁরা মনোনয়নপত্র তুলেছেন। অপর দিকে মেয়র পদে বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন সম্ভাব্য প্রার্থী।
জেলার পাঁচটি পৌরসভার মধ্যে কুষ্টিয়া সদরে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি ও বর্তমান মেয়র আনোয়ার আলী, ভেড়ামারায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শামীমুল ইসলাম ওরফে ছানা, মিরপুরে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র এনামুল হক, কুমারখালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ। খোকসাতে বিএনপি নেতা মেয়র ছিলেন। তিনি সম্প্রতি মারা গেছেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ওরফে তারিককে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করেছে। স্থানীয় নেতারা কেন্দ্রে পাঠানো তালিকায় কুষ্টিয়া সদরে দলটির জেলা কমিটির সহসভাপতি রবিউল ইসলামের নাম পাঠিয়েছিলেন।
শহরের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সদর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে পুরো জেলায় মানুষের মধ্যে গুঞ্জন চলছিল—কুষ্টিয়া পৌরসভায় কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। শেষমেশ আনোয়ার আলী নৌকা প্রতীক পেয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী গত মঙ্গলবার সন্ধ্যায় বলেন, নামের তালিকা পাঠানো হয়েছিল। কেন্দ্র পাঁচটি পৌরসভার মেয়র প্রার্থীর চূড়ান্ত তালিকা পাঠিয়েছে। এখন সব ভেদাভেদ ভুলে এই পাঁচজনকে জেতানোই হবে একমাত্র কাজ।
এদিকে বিএনপিতে একক প্রার্থী নিয়ে দলের ভেতরেই অভিযোগ উঠেছে। এ নিয়ে নেতাদের মধ্যে চলছে বাগ্যুদ্ধ। একজন সম্ভাব্য প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, কুমারখালীতে জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, খোকসায় নাফিজ আহমেদ খান, মিরপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ খান ও ভেড়ামারায় ২০-দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মহিউদ্দিন বানাত।
কুষ্টিয়া সদরে সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শামীম আরজু বলেন, ‘যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর চেয়ে আমি বেশি ত্যাগী নেতা ছিলাম। অথচ আমার সঙ্গে কোনো আলাপ করা হয়নি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীমুল হাসান বলেন, কোনো রকম আলোচনা ছাড়াই একজনের নাম পাঠানো হয়েছে, এটা ঠিক হয়নি।
সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী বশিরুল আলম বলেন, ‘আমি স্বতন্ত্র নির্বাচন করব।’
জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, কোনো পক্ষপাতিত্ব বা টাকার বিনিময়ে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। অনেকের সম্ভাব্য নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। তাঁদের মধ্যে পাঁচজনের নামে চিঠি এসেছে।
তিনি আরও বলেন, যাঁরা অভিযোগ করছেন, তাঁদের নামও পাঠানো হয়েছিল। আর দলের মধ্যে যাঁরা বিরোধিতা করে স্বতন্ত্র নির্বাচন করবেন, তাঁদের বহিষ্কার করা হবে।