দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা নেতা নয়, অনুসারী তৈরি করছে। গণতান্ত্রিক চেতনা ও সংস্কৃতির বিকাশের সম্ভাবনা সৃষ্টির পরও ইতিবাচক ধারায় পরিবর্তনের গতি অত্যন্ত ধীর। এমনকি এ ব্যাপারে রাজনীতিবিদ ও সামাজিক নেতৃত্বের উদাসীনতা ও উদ্যোগের অভাব জনগণকে আশাহত করেছে। ‘রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে রাজনীতিবিদদের নিকট প্রত্যাশা ও আমাদের করণীয়’ শীর্ষক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। গত বুধবার সন্ধ্যায় গবেষণার বিষয়টি প্রকাশ করা হয়। গবেষণাকর্মটি পরিচালনা করে রাজনীতিবিষয়ক গবেষণাধর্মী সংগঠন ন্যাশনাল ডায়ালগ ফাউন্ডেশন (এনডিএফ)। চট্টগ্রাম নগরের লালখান বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে গবেষণাকর্মের মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফের চেয়ারম্যান কাজী ছানোয়ার আহমেদ। গবেষণার প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউছুফ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাছুম আহমেদ।আবুল মোমেন বলেন, ‘আমরা সাধারণভাবেই দেখছি, তরুণ প্রজন্ম রাজনীতি নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে। বিশ্বব্যাংকসহ সব দেশি-বিদেশি প্রতিষ্ঠান স্বীকার করেছে যে এ দেশের সামাজিক সূচকগুলোর ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে হতাশার জায়গা হচ্ছে, রাজনীতিতে অসহিষ্ণুতা বেড়েই চলেছে।’