বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র আশা করে।গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রসচিব অ্যালিসা এয়ার্সের সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, বাংলাদেশের সব বন্ধু রাষ্ট্র আশা করে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হবে এবং দেশের মঙ্গলের জন্য দুটি বড় রাজনৈতিক দল পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে। খালেদা জিয়া ও অ্যালিসা এয়ার্স দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সামগ্রিক পরিস্থিতিতে বিরোধী দলের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ, দৃঢ়, সহযোগিতাপূর্ণ ও বহুমুখী সম্পর্ক নিয়ে আলোচনা হয়।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। ইউএনবি।