‘বর্তমান শাসন ব্যবস্থা পছন্দ নয়’ বলে জঙ্গিবাদে জড়ান দুই তরুণ
জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই তরুণকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে এই বলেছেন, বর্তমান শাসন ব্যবস্থা পছন্দ না হওয়ায় ফেসবুকে তারা কটূক্তিমূলক পোস্ট করতেন।
গত ২৩ আগস্ট জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইনামুল হক (২৪) ও মো. সিরাজুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। দুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানায় তারা। ঝিনাইদহ সদর থানা-পুলিশের সহযোগিতায় এটিইউর সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পরদিন পুলিশ তাদের আদালতে নিলে জিজ্ঞাসাবাদের জন্য এনামুলের তিনি দিনের এবং সিরাজুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বুধবার বিকেলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ইনাম হরিণাকুণ্ডু লালন শাহ কলেজের দর্শন বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্র। আর সিরাজুল ঝিনাইদহ কেসি কলেজে বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দুজনের কাছ থেকে ২টি মুঠোফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরি কার্ড, ‘বিপুল পরিমাণ’ বৈদ্যুতিক তার, মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, বাসায় তৈরি রিচার্জেবল টর্চলাইট, মোবাইলের ব্যাটারি, বৈদ্যুতিক সুইচ উদ্ধার করেছিল এটিইউ।
ইনামুল হক ফেসবুকে ‘আমি যোদ্ধা নবীর উম্মত’ নামক আইডি এবং সিরাজুল ইসলাম ‘সত্যের সন্ধানে সেই যুবক’ নামক আইডি থেকে জিহাদী প্রশিক্ষণ ও শারীরিক কসরতের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন। জিজ্ঞাসাবাদে দুজনই জানিয়েছেন তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা মুফতি জসিম উদ্দিন রাহমানির অডিও-ভিডিও লেকচার শুনতেন এবং যেগুলো সঠিক মনে করতেন সেগুলো সমর্থন করতেন।
এটিইউর পুলিশ সুপার (গণমাধ্যম) আসলাম খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর দুই তরুণকেই ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়েছে।