বর্তমান শিক্ষাব্যবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদজননী জাহানারা ইমামের ২০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত স্মারক বক্তৃতায় শিক্ষাবিদ জাফর ইকবাল বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়৷ তিনি আশা করেছেন, বড় বড় রাজনৈতিক ঘোষণা বন্ধ করে লেখাপড়ার ব্যাপারে সরকার আরেকটু আন্তরিকতা দেখাবে৷
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক এ স্মারক বক্তৃতার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি৷ জাহানারা ইমাম ছিলেন নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি৷
স্মারক বক্তৃতায় জাফর ইকবাল বলেন, সারা দেশে জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা এখন একটি অসুস্থ প্রতিযোগিতা৷ এতে রাষ্ট্রেরও ভূমিকা আছে৷ লিখিতভাবে না হলেও মৌখিকভাবে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, পাবলিক পরীক্ষায় ছাত্রছাত্রীকে বেশি করে নম্বর দিতে হবে, পাসের হার বাড়াতে হবে, পরীক্ষার ফল ভালো দেখাতে হবে৷ কিন্তু সর্বোচ্চ গ্রেড পাওয়া ছেলেমেয়েদের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দূরে থাকুক, পাস করতে পারে না৷
জাফর ইকবাল আরও বলেন, দেশের বড় পত্রিকাগুলো গাইড বইয়ের দায়িত্ব পালন করে যাচ্ছে৷ সব বড় পত্রিকার লেখাপড়া পাতা একেকটা গাইড বই৷ পত্রিকাগুলো শিক্ষা নিয়ে বড় বড় কথা লেখে, গাইড বইয়ের উপদ্রব নিয়ে মন্তব্য করে, শিক্ষাব্যবস্থার কঠোর সমালোচনা করে, কিন্তু তারা নিজেরাই আবার পুরোপুরি গাইড বই হিসেবে মুখস্থ করার জন্য প্রশ্ন আর উত্তর ছাপিয়ে যাচ্ছে৷ তিনি বলেন, কয়েক দিন আগে মাধ্যমিক পরীক্ষার প্রতিটি প্রশ্ন ফাঁস হয়েছিল৷ অথচ পত্রিকাগুলো এ নিয়ে তেমন কিছু লেখেনি, টকশোতে
এ নিয়ে কথা হয়নি, শিক্ষাবিদেরা কিছু বলেননি৷ তাঁরা হয়তো ধরে নিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস হবেই৷ পরীক্ষাসংক্রান্ত গুরুতর সমস্যাগুলো এখনো সরকার স্বীকার করতে রাজি নয়৷ সমস্যা স্বীকার না করলে সমাধান হবে কীভাবে?
ভিন্ন ভিন্ন শিক্ষাপদ্ধতি দেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা উল্লেখ করে জাফর ইকবাল বলেন, সবাই বলে বাংলাদেশে তিন ধরনের শিক্ষাব্যবস্থা রয়েছে, প্রকৃতপক্ষে নয় বা ১১ ধরনের শিক্ষাব্যবস্থা রয়েছে৷ তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীর বই মাদ্রাসার ছাত্রদের পাঠ্যসূচিতে রাখা হয়েছে, এমন অভিযোগ রয়েছে৷ যে দল ও দলের নেতাদের যুদ্ধাপরাধের জন্য এ দেশে বিচার করা হচ্ছে, সে দলের প্রতিষ্ঠাতার বই কিংবা আদর্শ যদি এ দেশের ছাত্রছাত্রীদের পড়ানো হয়, তবে এর চেয়ে বড় প্রহসন আর কী হতে পারে?
গত মঙ্গলবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা স্থগিতের ঘটনায়
রাষ্ট্রপক্ষের কেঁৗসুলিদের সমালোচনা করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির৷ তিনি বলেন, রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে বোঝাতে ব্যর্থ হয়েছে যে আসামির অনুপস্থিতিতেও রায় দেওয়া যাবে, কারণ এটি সাধারণ খুন বা ফৌজদারি মামলা নয়৷ এরপর হয়তো দেখা যাবে, রায় ঘোষণার আগে সব আসামি অসুস্থ হয়ে যাচ্ছেন৷ জামায়াত নানা অজুহাতে বিচার দীর্ঘায়িত করার চেষ্টা করছে৷ এসব সমস্যা দূর করতে প্রয়োজনে ট্রাইব্যুনালের কার্যপ্রণািল বিধিমালা সংশোধন করতে হবে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে৷ এ বিচার-প্রক্রিয়া অব্যাহত থাকবে৷ বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই৷
স্মরণসভায় এ বছরের জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হয়৷ ব্যক্তি পর্যায়ে অর্থনীতিবিদ আবুল বারকাত ও সংগঠন পর্যায়ে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-কে স্মৃতিপদক দেওয়া হয়৷ সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষে পদক নেন একাত্তরে মুক্তিবাহিনীর উপপ্রধান ও সংগঠনটির চেয়ারপারসন এ কে খন্দকার৷
স্মরণসভায় আরও বক্তব্য দেন এ কে খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন, নির্মূূল কমিটির সহসভাপতি শ্যামলী
নাসরিন চৌধুরী, সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ৷
সভাপতিত্ব করেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম৷ সভা সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুল৷