বর্তমান সংবিধানে নির্বাচন হলে বিএনপি যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হলে বিরোধী দল বিএনপি তাতে অংশ নেবে না। প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করে দলটি।গতকাল রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি এ কথা বলেছে। গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের কাছে দলের এই প্রতিক্রিয়া জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান থেকে একচুল নড়ব না।’প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সন্ধ্যা সাতটায় বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। মির্জা ফখরুল বলেন, দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। সরকার দেশকে অনিশ্চয়তা ও সংঘাতের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে। জাতির দুর্ভাগ্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়কোচিত আচরণ করেননি। তিনি যা বলেছেন, তা ক্ষমতায় টিকে থাকার জন্য বলেছেন। এতে গ্রহণযোগ্য নির্বাচন ও সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর হবে না। জনগণ তা মেনে নেবে না।তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায় বিএনপি মানে না—প্রধানমন্ত্রীর এ অভিযোগের উত্তরে মির্জা ফখরুল বলেন, আদালতের রায়ের দুটি অংশ ছিল। সরকার একটি মেনেছে। আরেকটি চেপে গেছে। রায়ের একটি অংশ চেপে গিয়ে সরকার দেশকে অন্ধকার সুড়ঙ্গে নিক্ষেপ করছে। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে হারার পর জাতীয় নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে সরকার চাইছে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে।তবে বিএনপি আশা করে, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সব দলের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর পদ্ধতি বের করার জন্য উদ্যোগ নেবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী যে বর্ণনা দিয়েছেন, সে ব্যাপারে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সংকটের সমাধান না করে উন্নয়নের বর্ণনা দিয়ে লাভ হবে না। তিনি বলেন, জনগণ এই সরকারের কর্মকাণ্ড উপলব্ধি করতে পেরেছে। এই সরকারের আমলে দুর্নীতি আর লুটপাটের উন্নয়ন হয়েছে। বিদেশে লোক প্রেরণ, শিক্ষাক্ষেত্রে ছাত্রলীগের দাপট-মারামারি, প্রশাসনে দলীয়করণ, অর্থের বিনিময়ে চাকরি দেওয়া, বিদেশে টাকা পাচার, হল-মার্ক, ডেসটিনি, শেয়ারবাজার লুটের ঘটনা ঘটেছে। দুর্নীতির কারণে পদ্মা সেতু হয়নি।বিজ্ঞানীদের অভিনন্দন: যেসব বিজ্ঞানী দেশি পাটের জীবনরহস্য উন্মোচন করেছেন, তাঁদের অভিনন্দন জানিয়েছে বিএনপি। তবে সরকারকে উদ্দেশ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়, বিজ্ঞানীদের সাফল্যকে সরকার যেভাবে নিজেদের কৃতিত্ব বলে চালাতে চাইছে, তা অন্যায়।