বর্তমান সংবিধানের কাঠামোর ভেতরেই সমাধান সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দাবি জানাচ্ছে, সরকার নীতিগতভাবে রাজি থাকলে বর্তমান সংবিধানের কাঠামোর ভেতরেই তার সমাধান সম্ভব। গতকাল রোববার তিনি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার যদি নীতিগতভাবে একমত হয়, নির্দলীয় সরকারের বিষয়ে তারা কাজ করবে বা বিষয়টি নিয়ে তারা বিরোধী দলের সঙ্গে আলোচনা করবে, তাহলে একটা উপায় বের করা যাবে। বর্তমান সংবিধান রেখেই হোক বা অ্যামেন্ডমেন্ট করেই হোক, যেকোনোভাবে এটি করা যায়। কিন্তু সবার আগে কথা বলতে হবে। তবে সরকার কোনো কথাই বলছে না।’
বিএনপি আলোচনা চাইছে কি না—প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারকে আগে নীতিগত-ভাবে সিদ্ধান্ত নিতে হবে, যারা নির্বাচনের সময়ে নির্দলীয় সরকারের ব্যাপারটি মেনে নেবে। নির্দলীয় সরকার গঠন ও নির্বাচন নিয়ে বিএনপি কোনো ছাড় দিতে প্রস্তুত আছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ছাড়ের কথা তখনই আসবে যখন কথা বলা হবে।