বর্তমান সমাজেও প্রাসঙ্গিক রোকেয়া
বেগম রোকেয়া নারীশিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করতে পেরেছিলেন। এ জন্য তিনি শিক্ষার গুরুত্ব এবং সমাজে নারীর বাস্তব অবস্থা তুলে ধরে নারীমুক্তির পথ দেখিয়েছেন। একই সঙ্গে তিনি নারী-পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতেও কাজ করেছেন। এ কারণে বর্তমান সমাজেও প্রাসঙ্গিক রোকেয়া।
কথাগুলো বলেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আজ বৃহস্পতিবার রোকেয়া দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি।
অনুষ্ঠানে একক বক্তৃতা দেন অধ্যাপক অনুপম সেন। তিনি বলেন, নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠার পেছনে বেগম রোকেয়ার অবদান অনেক। সমাজ প্রগতির ইতিহাসে তাঁর প্রতিটি গ্রন্থই মাইলফলক। সমাজবিজ্ঞানের জেন্ডার ও শ্রেণিবিষয়ক শিক্ষাকে তাঁর রচনাসমগ্র নানাভাবে সমৃদ্ধ করেছে।
এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। তিনি বলেন, বেগম রোকেয়ার সময়কালে নারীদের জন্য কাজ করা সহজ ছিল না। মুক্তচিন্তার চর্চাতেও ছিল নানা বাধা। রোকেয়া সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছিলেন। নারী সমাজকে আলোর পথ দেখিয়েছেন। এ সময় তিনি রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তচিন্তা ও প্রগতিশীল সমাজ গড়ারও আহ্বান জানান।
আলোচনা শেষে রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন, সময় ও সংগ্রাম নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘রোকেয়া-আলোকের দূতী’ প্রদর্শিত হয়। নারীজাগরণের এই অগ্রদূত ১৮৮০ সালে সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। মারা যান ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায়।