বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বর্তমান সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। গলা পর্যন্ত দুর্নীতির কাদায় ডুবে গেছে তারা।‘পদ্মা সেতুসহ সর্ব ক্ষেত্রে সরকারের দুর্নীতির’ প্রতিবাদে গতকাল রোববার বিকেলে রাজধানীতে ১৮ দলীয় জোটের ঢাকা মহানগরের এক সমাবেশে এ দাবি করেন মির্জা ফখরুল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, পুঁজিবাজার, হলমার্ক, ডেসটিনি, ইউনিপেটুইউ—এসবের মাধ্যমে সরকার কোটি কোটি টাকা লুট করেছে। কীভাবে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়, গোটা দেশে সেই ফাঁদ পেতেছে সরকার। তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। বিকেলে নয়াপল্টনের সমাবেশে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘এরশাদ সরকারের সময় শিল্পী পটুয়া কামরুল হাসান একটি কার্টুন এঁকে নাম দিয়েছিলেন “বিশ্ববেহায়া”। আজ প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেছেন, আওয়ামী লীগ দেখলে বলবেন, “তুই চোর”। এই লজ্জা ডাকবার জন্য দায় নিয়ে পদত্যাগ করুন।’পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আবুল হোসেন ও মসিউর রহমানকে ১০ মাস আগে পদত্যাগ করতে বলেছে বিশ্বব্যাংক। একজন পদত্যাগ করলেও আরেকজন করেননি। মসিউর রহমান ছুটে গেলেন ভারতে প্রভুদের কাছে। যখন বোঝা গেল বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে না, তখন তিনি বললেন পদত্যাগ করবেন না। তিনি বলেন, ‘দুদক (দুর্নীতি দমন কমিশন) এ বিষয়ে তদন্ত করছে। আমরা জানি, দুদকের তদন্তে কী হবে। সুরঞ্জিত সেনগুপ্তের রেল কেলেঙ্কারির ঘটনার মতো ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্য নাটকের মহড়া দেওয়া হচ্ছে।’ ফখরুল দাবি করেন, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের প্রতিটি দুর্নীতির সঙ্গে সরকার ও সোনালী ব্যাংকের উচ্চপর্যায়ের ব্যক্তিরা জড়িত। তাই শুধু কয়েক কর্মকর্তার বিচার নয়, সোনালী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেন, পদ্মা সেতুর দুর্নীতি জনসমক্ষে নিয়ে এসেছে খোদ বিশ্বব্যাংক। এমন ঘটনা বিশ্বে নজিরবিহীন। দুর্নীতির কারণে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহার বাংলাদেশকে কেবল আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত করেনি, বিশ্বব্যাপী দেশের মর্যাদাও ভূলুণ্ঠিত করেছে।সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।মোদাচ্ছেরের বিচার চাইলেন জয়নুল: হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীসহ জড়িত সবার বিচার দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। হলমার্ক দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তিনি। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।