বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দিনবদলের কথা বলে ক্ষমতায় এসে নিজেদের দিনবদলেই ব্যস্ত হয়ে পড়েছে। চাল-ডাল, গ্যাস-পানি-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টাউন হলে জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল আলম এ কথা বলেন।বিএনপির নেতা রুহুল আলম চৌধুরী বলেন, মহাজোট সরকার তাদের ব্যর্থতা ঢাকতে ভোট চুরির মাধ্যমে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্রে মেতেছে। তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।আগামী ১২ মার্চ খালেদা জিয়া ঘোষিত ‘চলো চলো, ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে পার্বত্যাঞ্চলের পাহাড়ি-বাঙালি সব নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা।জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নাসির উদ্দীন সরওয়ার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুছ চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কৃষি সম্পাদক এম এ কাশেম, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সহসভাপতি মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বেলায়েত হোসেন, মংসুইথোয়াই চৌধুরী ও কংচাইরী মাস্টার।