বর্তমান সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করে না : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করে না। শক্তিশালী নির্বাচন কমিশন সম্পূর্ণ হস্তক্ষেপমুক্ত ও স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপিদলীয় সাংসদ জমির উদ্দিন সরকারের বক্তব্যের জবাবে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শেখ হাসিনা এসব কথা বলেন।
গতকাল সোমবার ওয়াকআউট করলেও আজ অধিবেশনে যোগ দেন বিরোধীদলীয় সাংসদেরা। তবে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সংসদে অনুপস্থিত ছিলেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের আমলে পাঁচ হাজার ৬৪৫টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এটি প্রমাণ করে, আওয়ামী লীগ নির্বাচনে হস্তক্ষেপ করে না। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে। তিনি বলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তানোরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী বিএনপির নেতার শপথ যথাসময়ে হবে। এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন।

এর আগে জমির উদ্দিন সরকার বলেন, তাঁদের দলের বিজয়ী মেয়রের শপথ নিয়ে মন্ত্রণালয়ে জটিলতা তৈরি হয়েছে। তিনি এর সমাধানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ ছাড়া বিএনপিদলীয় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদে বলেন, আমার দেশ পত্রিকার ছাপা বন্ধ, ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তার এবং ইসলামিক টিভি ও দিগন্ত টিভির সম্প্রচার বন্ধের সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। সুনির্দিষ্ট কারণে এই গণমাধ্যমগুলোর ব্যাপারে সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, আমার দেশ পত্রিকার অনুমতি বাতিল করা হয়নি। সঠিকভাবে আবেদন করলে পত্রিকা প্রকাশ করতে দেওয়া হবে। এই পত্রিকা অবৈধভাবে সংগ্রাম পত্রিকার ছাপাখানা থেকে ছাপানো হচ্ছিল। আর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাও আছে। পত্রিকাটি পবিত্র কাবা শরিফের ইমাম ও খতিবদের নিয়ে একটি ভুল সংবাদ পরিবেশন করেছে। তাঁদের ছবি দিয়ে বলেছে, ইমাম ও খতিবেরা যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে কাবা শরিফে মানববন্ধন করেছেন, যা মোটেও ঠিক না। এ ছাড়া সম্প্রচার বন্ধ থাকা দুটি টেলিভিশন হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের দিন দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছিল। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে টিভি দুটির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে, যেন দাঙ্গা না লাগে। তিনি সাংবাদিকদের মিথ্যা ও সত্য চাপা দেওয়ার বিরুদ্ধে সোচ্চার থাকার এবং এ ক্ষেত্রে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শহীদ উদ্দীন চৌধুরী গণমাধ্যমগুলো বন্ধে তথ্যমন্ত্রীকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তিনি দাবি করেন, গণমাধ্যম বন্ধ করায় দেশ-বিদেশে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে।