তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। তাই সাংবাদিকেরা মুক্ত মনে কাজ করার সুযোগ পাচ্ছেন। সাংবাদিকদের অধিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাস করা হয়েছে। এখন তথ্য কমিশন গঠনের কাজ চলছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের উচিত সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করা। তা না হলে জনগণ সঠিক তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হবে। সংবাদপত্রকে পাঠকদের কাছে জবাবদিহি করতে হবে। শুধু সমস্যা নিয়ে সংবাদ পরিবেশন করলে চলবে না, তার সমাধানও পত্রিকায় তুলে ধরতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ব্যাপারে আমরা সজাগ আছি, আপনারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।’ তথ্য ও সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কয়েকটি পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কারণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ হয়েছে। আবার কিছু কিছু ইলেকট্রনিক মিডিয়া ও পত্রিকা উল্টো ভূমিকা পালন করে, যা বিভ্রান্তিকর। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কক্সবাজারের সংরক্ষিত নারী সাংসদ এথিন রাখাইন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, সহসভাপতি ও দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ। তথ্যমন্ত্রী তিন দিনের সফরে গতকাল দুপুরে হেলিকপ্টারযোগে কক্সবাজার আসেন। দুপুর দুইটায় সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে তিন দিনব্যাপী ওয়েকা বিচ ক্রিকেটের উদ্বোধন করেন। রাতে উখিয়ার বালুখালীতে টিভি রিলে কেন্দ্র পরিদর্শন করেন। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এরপর লিংক রোডে বাংলাদেশ বেতারের কক্সবাজার কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র ও জেলা গণগ্রন্থাগার পরিদর্শন এবং বিকেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালে যোগ দেবেন। শনিবার সকালে মন্ত্রী সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।