বর্তমান সরকার স্বাধীনতা রক্ষা করতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে খালেদা জিয়ার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়তে হবে। বর্তমান সরকার স্বাধীনতা রক্ষা করতে পারছে না বলে তিনি মন্তব্য করেন।গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার স্বাধীনতা রক্ষা করতে পারছে না। দেশের অর্থনীতিও ভঙ্গুর অবস্থায় আছে। দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। সংবাদপত্রে চলছে সরকারের আগ্রাসন। এ অবস্থায় আন্দোলন-সংগ্রামের আর কোনো বিকল্প নেই।’বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব দাবি করেন, মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ ও পিটার কাস্টার নামে ‘দুই ট্রটস্কিপন্থী কমিউনিস্ট’ এ দেশে এসেছিলেন বিপ্লব করতে। ১৯৭৫ সালে তাঁরা কর্নেল তাহেরের নেতৃত্বে সেনাবাহিনীতে ঢুকে সেনাবাহিনীর ৬০ জন কর্মকর্তাকে হত্যা করেছিলেন। ষড়যন্ত্রের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। উল্লেখ্য, সামরিক আদালতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতাসংক্রান্ত এক মামলায় ওই সময় বাংলাদেশে উপস্থিত সাংবাদিক লিফশুলজ সম্প্রতি আদালতে সাক্ষ্য দেন। সর্বোচ্চ আদালত তাহেরের বিচারকে অবৈধ রায় দিয়ে বলেছেন, তাঁর মৃত্যুদণ্ড ঠান্ডা মাথায় খুনের শামিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানকে নিয়ে শুধু সংসদে নয়, সংসদের বাইরেও কোনো কটূক্তি করা যাবে না। নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান প্রমুখ জ্যেষ্ঠ নেতা বক্তব্য দেন। এদিকে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা এবং নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার অপচেষ্টা চালাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হলে এর পরিণতি হবে ভয়ংকর। দলীয় সরকারের অধীনে নির্বাচন করা মোটেও সুখকর হবে না বলে মন্তব্য করেন তিনি।