বর্তমান সরকারই মানবতাবিরোধী অপরাধের বিচার করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমান সরকারের আমলেই মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হবে। এ ব্যাপারে গঠিত কমিশন তদন্ত শেষ করলে, যাঁদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে তাঁদেরই বিচারের মুখোমুখি করা হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ২১ আগস্টের গ্রেনেড হামলার বিষয়ে সাহারা খাতুন বলেন, দিনদুপুরে গ্রেনেড হামলা হয়েছে। বিএনপি ওই হামলা নিয়ে ঠাট্টা-মশকরা করেছে। জজ মিয়ার নাটক বানিয়েছে। তিনি বলেন, বিএনপি জজ মিয়ার নাটক শেষ করতে পারেনি। এখন ঘটনার অধিকতর তদন্ত চলছে। আশা করা যায়, এতে প্রকৃত দোষী ও জড়িত মূল হোতাদের নাম বেরিয়ে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজ আমদানি করেছে। দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সরকার ১২ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেনি। তদন্ত কমিশন তাঁদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে এবং তালিকাও প্রকাশ করেছে। তিনি বলেন, যে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার জনগণ প্রথম দেখতে চায়, তাঁদের বিচার প্রথম করা হবে। তিনি বলেন, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) মানবতাবিরোধী যুদ্ধাপরাধ সংগঠন করেছেন। তদন্ত কমিশন এর প্রমাণ পেয়েছে। সাকা চৌধুরী ’৭১ সালে চট্টগ্রামে গণহত্যা, কুণ্ডেশ্বরী ওষুধালয় লুট এবং এর মালিককে হত্যা করেছেন। কামরুল ইসলাম আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ প্রতিটি ঘটনার বিচার করা হবে। এর সঙ্গে জড়িত তারেক, বাবরসহ যত বড় নেতাই জড়িত থাকুন না কেন, তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমীর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংসদ ওয়ারেসাত হোসেন, সাধনা হালদার, সোলায়মান হক জোয়ার্দার প্রমুখ বক্তব্য দেন।