বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। এই সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা হলে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। ‘দেশব্যাপী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে গতকাল রোববার রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নগরের ভুবন মোহন পার্ক শহীদ মিনারে আয়োজিত সমাবেশে নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই অর্থ পাচারের মামলায় ‘মনগড়া রায়’ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই, আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে।মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহামন মিনুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, আবু সাঈদ চাঁদ ও মহিলা দলের নেত্রী কাজী হেনা বক্তব্য দেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিলনের পরিচালনায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।