বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধের বিচার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রলম্বিত না করে বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা প্রতিনিধিরা। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া নির্মূল কমিটির জাতীয় কমিটির বর্ধিত সভায় এই দাবি জানানো হয়।রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল সকালে এই সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনে দেশের ৪৮টি জেলা থেকে আসা কমিটির সদস্যরা যোগ দিচ্ছেন। আজ শনিবার সেমিনারের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।নির্মূল কমিটির নেতারা জানিয়েছেন, সম্মেলনে আঞ্চলিক প্রতিনিধিরা যুদ্ধাপরাধের বিচারের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনেকে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া ‘বিলম্বিত হওয়ায়’ শঙ্কা প্রকাশ করেন। সম্মেলনে বিচারের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো নিয়েও আলোচনা হয়। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত বৈঠক চলে। আজ শনিবারও বৈঠক আছে।প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়া খুলনা জেলা নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মাহেন্দ্র নাথ সেন প্রথম আলোকে বলেন, ‘কোনো ব্যক্তি নয়, একটি সংগঠন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। কাজেই ব্যক্তির বিচারের পাশাপাশি ওই সংগঠনকেও নিষিদ্ধ করা উচিত। সম্মেলনে এই বিষয়ই উঠে এসেছে। আমরা বলেছি, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যেন কোনো প্রহসন না হয়।’সম্মেলনে যোগ দেওয়া নীলফামারী ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যসচিব শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধের বিচার শেষ হোক। আমাদের সন্দেহ, এটিকে প্রলম্বিত করার চেষ্টা চলছে। তাই একযোগে সারা দেশে এ নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে। সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’বৈঠকের বিষয়ে জানতে চাইলে নির্মূল কমিটির নির্বাহী সভাপতি সাংবাদিক-মানবাধিকারকর্মী শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের বর্তমান অবস্থা ও সামনের দিনের চ্যালেঞ্জ নিয়ে প্রতিনিধি সম্মেলনে আলোচনা হয়েছে। দেশের বাইরেও যুদ্ধাপরাধের বিচারের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলে আমরা কৌশল নির্ধারণ করছি।’একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দুই দশক ধরে যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তনের জন্য আন্দোলন করছে।নির্মূল কমিটির নেতারা জানান, ৪০তম সংবিধান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা হয়েছে। সেই আলোকে যুদ্ধাপরাধের বিচার ও সংবিধান নিয়ে ঢাকায়ও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিনিধি সম্মেলনের পর আজ বেলা তিনটায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহরিয়ার কবির। আলোচনা করবেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।