বর্তমান সরকারের ভিত্তি অনেক শক্ত: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের ভিত্তি অনেক শক্ত বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার দুপুরে সিলেটে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বর্তমান সরকারের অবস্থান তুলে ধরতে এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের ভিত্তি এখন অনেক বেশি শক্ত। গত পাঁচ বছরের শাসনামলে দেশের মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও দেশের মানুষের শান্তি ও কল্যাণে এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বর্তমান সরকারের মেয়াদে জাতীয় বাজেটের পরিধি তিন গুণ বৃদ্ধি পাবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বাজেটের যে পরিধি ছিল, ২০০৯-১৪ মহাজোট সরকারের আমলে তা দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। ভবিষ্যতে অর্থাৎ, বর্তমান সরকারের মেয়াদেই এর পরিধি তিন গুণ হবে।
সিলেট নগরের পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করেছিল বিদ্যালয় পরিচালনা কমিটি। পাঠাটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে সমাবেশে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।