চট্টগ্রামে রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেগ পি বয়কো
বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক গভীরতর হচ্ছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেগ পি বয়কো। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় শোক দিবস স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
‘সুচিন্তা বাংলাদেশ’ নামের একটি সংগঠন চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বিশ্বরাজনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওলেগ পি বয়কো বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্কো সফরের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে চুক্তি হয়। বঙ্গবন্ধু এই বিদ্যুৎ প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন। রাশিয়ার সহায়তায় তাঁর কন্যা শেখ হাসিনা এ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মাপারের একটি জনপদ রূপপুর। সেখানে ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয় ১৯৬২ সালে। তারপর থেকে একাধিকবার প্রাথমিক সমীক্ষা, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। শেষ পর্যন্ত ২০০৯ সালে সরকার দুই হাজার মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেয়। রাশিয়ার প্রযুক্তি ও ঋণ-সহায়তায়
মাঠপর্যায়ে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছে।
ওলেগ পি বয়কো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে আসে রাশিয়া। ওই সময় থেকে তৈরি হওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অটুট রয়েছে। বাংলাদেশ-রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক বর্তমান সরকারের সময় গভীর থেকে গভীরতর হচ্ছে।
সভার প্রধান বক্তা সোনালী ব্যাংকের সাবেক পরিচালক সুভাষ সিংহ রায় বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় আছে। তাদের ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় জাগ্রত করতে হবে।
সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য আবু হাসনাতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কানতারা খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, স্থপতি আশিক ইমরান প্রমুখ।