বর্তমানকে সমৃদ্ধ করে ভবিষ্যৎ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন, পরে ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ১৯৫৯ সালের ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন হিসেবে শুরু সংগঠনটি গতকাল পা দিল ৬৯ বছরে।
সংগঠনটির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপন করলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়। বৃষ্টিভেজা বিকেলে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গানের সঙ্গে বেলুন উড়িয়ে আর প্রমাণ সাইজের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানান। দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় অ্যাসোসিয়েশনের নেতাদের আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পরে অ্যালামনাই ফ্লোরে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি তাঁর সময়কালে (ষাটের দশকে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার স্মৃতিচারণা করেন। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ গবেষণা, গ্রন্থনা ও অনুবাদে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতা প্রয়োজন। কিন্তু এসব কাজে আমরা তেমন চোখ দিচ্ছি না বলে মনে হয়। আমরা একইসঙ্গে বর্তমান ও ভবিষ্যতের মানুষ। বর্তমানকে সমৃদ্ধ করার মাধ্যমে ভবিষ্যতকে গড়ে তুলতে হবে।’
সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘বাংলা ও বাঙালির যা কিছু ভালো অর্জন, তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় ছিল। যা কিছু কুৎসিত, সাম্প্রদায়িক সবকিছুর উচ্চকণ্ঠে বিরোধিতা করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।’ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, সাংবাদিক শাইখ সিরাজ প্রমুখ।