বর্তমানে দেশে সুবাতাস বইছে: সৈয়দ শামসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে সুবাতাস বইছে; গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে এবং যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সমৃদ্ধি-প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

আজ রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ শামসুল হক এসব কথা বলেন।
ভারতের লোকসভা ও বিধান সভায় স্থল সীমান্তচুক্তি বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে সৈয়দ শামসুল হককে আহ্বায়ক করে ২০১ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এর প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দ শামসুল হক বলেন, ‘মানুষ যে গণতন্ত্রের অব্যাহত চর্চার মধ্যে স্বস্তি-শান্তি নিরাপত্তার ভেতরে রয়েছে এইটা আমরা লক্ষ্য করছি।’

সৈয়দ শামসুল হক বলেন, এই মুহূর্তে উদ্যাগটি নেওয়ার আশু কারণটি হচ্ছে—ইন্দিরা-মুজিব সীমান্ত¯চুক্তি বাস্তবায়ন হতে চলেছে। এটি মানবিক অর্জন। এই বিশাল ঘটনাকে সুদূর প্রসারী মনে করে রাষ্ট্রের মানুষের সামগ্রিক উন্নতিগুলো চিহ্নিত করে আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে চাই। একটা স্বীকৃতি দিতে চাই।
সব্যসাচী এই লেখক বলেন, ‘দেশে যে সু-বাতাস বইছে এবং যে সু-সময়ের মধ্যে আমরা রয়েছি সেটি কখনই যেন নষ্ট না হয়।’ জনসাধারণকে এই বিষয়ে সচেতন করার জন্যই এই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।
সৈয়দ শামসুল হক বলেন, অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকেরা সরকারের বিভিন্ন অর্জন সম্পর্কে বলবেন। বিভিন্ন অর্জন নিয়ে একটি সংগীত রচিত হয়েছে তা পরিবেশন হবে। দুই ঘণ্টার অনুষ্ঠানের কথা ভাবছি। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, শিল্পী হাশেম খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।