বর্তমানের আয়নায় অতীতকে দেখলেন অ্যালামনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোফাখ্খারুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্কালীন ঢাকা হলের (বর্তমানে শহীদুল্লাহ হল) ছাত্র। বন্ধু দেলোয়ার হোসেন এসএম হলের ছাত্র। দেলোয়ারসহ অন্য বন্ধুদের সঙ্গে এসএম হলের ভোজ খেতে গিয়ে ধরা পড়েন মোফাখ্খারুল। অবশ্য দেলোয়ার ভোজের ফি পরে শোধ করে দেবেন—এই শর্তে তাঁকে খেতে দেওয়া হয়। সেই টাকা শোধ করার কথা ভুলে যাওয়ায় তাঁর স্নাতকের ফলাফল আটকে দেওয়া হয়। তবে পরে বিষয়টির মীমাংসা হয়েছিল। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে দুই বন্ধুর দেখা হতেই মনে পড়ে গেল সেই গল্প। তাঁদের এ গল্পের মতো আরও অনেক গল্পই প্রাক্তন ছাত্রদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল অতীতে। তাঁদের কেউ ষাটের দশকে, কেউ বা সত্তরের দশকে ক্যাম্পাস দাপিয়ে বেড়িয়েছেন।সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত জানালেন, ছাত্রজীবনে তিনি নাটক করতেন। এই টিএসসিতেই নাটক করতে গিয়ে পচা ডিমের ঢিল খেতে হয়েছে। এভাবে দিনভর চলে স্মৃতিচারণা, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা উচ্চ শিক্ষাব্যবস্থার একাল-সেকাল তুলনা করতে গিয়ে বলেন, ‘আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে দেশে-বিদেশে অনায়াসে ভালো জায়গায় কাজের সুযোগ পাওয়া যেত। এখন বিশ্বের ১০০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামই নেই। স্বাধীন জাতি হিসেবে এত পিছিয়ে থাকার সুযোগ নেই।’প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘ইতিহাস বিভাগ তাঁকে শুধু ডিগ্রি অর্জনেই সহায়তা করেনি। অন্য বিষয় সম্পর্কে জীবনভর জানতে ও শিখতে সহায়তা করেছে।’আকবর আলী খান স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ছাত্রজীবনে তিনি লাইব্রেরিতে পড়ার সময় দুটি ছাত্র সংগঠনের মধ্যে মারামারি শুরু হলে এক শিক্ষক তাঁকে কাঁধে তুলে দেয়াল পার হতে সহায়তা করেছিলেন। শিক্ষকেরা তখন শিক্ষার্থীদের আপনজন ছিলেন। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিইসি শামসুল হুদা। এরপর স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ। সদ্য প্রয়াত অ্যালামনিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণা পর্বে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, এম দেলোয়ার হোসেন, সৈয়দ আব্দুর রহিম, এ কে এম হেদায়েতুল হক, নাট্যব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ প্রমুখ।